এআইআইবির সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ইয়োকোহামা শহরে এডিবির ৫০তম বার্ষিক সম্মেলনের প্রথম দিনে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংস্থাটির প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও l ছবি: রয়টার্স
জাপানের ইয়োকোহামা শহরে এডিবির ৫০তম বার্ষিক সম্মেলনের প্রথম দিনে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংস্থাটির প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও l ছবি: রয়টার্স

জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ইয়োকোহামায় গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫০তম বার্ষিক সাধারণ সম্মেলন। প্রতিষ্ঠিত হওয়ার ৫০তম বার্ষিকী উপলক্ষে এডিবির সদর দপ্তর ম্যানিলা ছাড়াও বেশ কয়েকটি সদস্যদেশে গত বছর যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়, ব্যাংকের পরিচালনা পরিষদের ৫০তম সাধারণ সম্মেলনের মধ্য দিয়ে তার সমাপ্তি হতে যাচ্ছে। ব্যাংকের অর্ধশতকের পদযাত্রার সঙ্গে সংগতি রেখে এবারের সম্মেলনের থিম নির্ধারণ করা হয় ‘সম্মিলিতভাবে এশিয়ার সমৃদ্ধি গড়ে নেওয়া’। ৫০তম সাধারণ সম্মেলনে যোগ দিতে এডিবির ৬৭টি সদস্যরাষ্ট্র ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাড়ে ৫ হাজার প্রতিনিধি ইয়োকাহামায় সমবেত হয়েছেন।

গতকাল সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যাংকের প্রেসিডেন্ট এবং পরিচালনা বোর্ডের সভাপতি তাকেহিকো নাকাও এক সংবাদ সম্মেলনে এডিবির পাঁচ দশকের সাফল্য-ব্যর্থতা ছাড়াও আগামী দিনে ব্যাংকের নিতে যাওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, চার দিনের সম্মেলন এমন এক সময়ে এশিয়া মহাদেশের উন্নয়ন ব্যাংকের ভবিষ্যৎ পথনির্দেশিকার ওপর আলোকপাত করছে, যখন এশিয়ার অধিকাংশ দেশে প্রবৃদ্ধি অব্যাহত আছে এবং বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এক অংশীদার হিসেবে চীনের আবির্ভাব এশিয়াকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসছে। সংবাদ সম্মেলনে তাকেহিকো নাকাও এসব বিষয় ছাড়াও এশিয়ার সামনে দেখা দেওয়া নিরাপত্তা ঝুঁকি এবং চীনের নেতৃত্বে আঞ্চলিক অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) আবির্ভাবে এডিবির করণীয়সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এশিয়ার অবকাঠামো চাহিদা বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে এডিবির প্রেসিডেন্ট বলেছেন, আগামী বছরগুলোতে মহাদেশের অবকাঠামো চাহিদা পূরণে বছরে গড়ে যে ১ লাখ ৭০ হাজার কোটি ডলারের প্রয়োজন হবে, এডিবির একার পক্ষে সেই চাহিদা পূরণ করতে পারা সম্ভব না হওয়ায় এশিয়ার অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের মতো নতুন অংশগ্রহণকারীর আবির্ভাব সময়োচিত। তাকেহিকো নাকাও আরও বলেন, বর্তমানে এশিয়া মহাদেশের অবকাঠামো খাতে প্রয়োজন হওয়া তহবিলের মাত্র প্রায় ১০ শতাংশ বিশ্বব্যাংক, আইএমএফ এবং এডিবির মতো বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জোগান দিয়ে যাওয়ায় এই ক্ষেত্রে অন্য অনেকের ভূমিকা পালন করার আছে। সেদিক থেকে এডিবি চীনের নেতৃত্বাধীন নতুন ব্যাংকের সঙ্গে সহযোগিতা করে আসছে এবং দৃষ্টান্ত হিসেবে তিনি গত দুই বছরে এ আইআইবির প্রেসিডেন্টের সঙ্গে নয়বার তাঁর বৈঠকে মিলিত হওয়ার উল্লেখ করেন। সেসব বৈঠক সহযোগিতার ক্ষেত্রকে সম্প্রসারিত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, দুই উন্নয়ন ব্যাংক একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয় বরং পরিপূরক। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের পরোক্ষ সমালোচনা করে তিনি বলেন, তিনি আশা করছেন সংবাদমাধ্যম আগামী দিন অলীক প্রতিদ্বন্দ্বিতার ওপর বেশি গুরুত্ব আরোপ না করে বরং সহযোগিতার দিকটি তুলে ধরবে।

প্রশ্ন-উত্তর পর্বে যখন তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, সম্মেলনের স্বাগতিক দেশ জাপানের প্রতি নতুন ব্যাংকে যোগ দেওয়ার আহ্বান তাকেহিকো নাকাও জানাবেন কিনা। এর উত্তরে এডিবির প্রধান শুধু এটুকুই উল্লেখ করেন, বিষয়টি একটি রাষ্ট্রের নীতিগত অবস্থানের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তা নিয়ে বলার  কিছু নেই।

বাংলাদেশের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে দেশটির অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তাকেহিকো নাকাও বলেন, বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির হার এখন বিনিয়োগকারীদের দৃষ্টি আকৃষ্ট করতে শুরু করেছে। এ ছাড়া কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অগ্রগতির প্রশংসাও করেন।

এদিকে এডিবির বার্ষিক সম্মেলনে যোগ দিতে গতকাল ইয়োকোহামা পৌঁছে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আবির্ভাবের সময় থেকেই এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে চমৎকার সহযোগিতার সম্পর্ক বাংলাদেশ বজায় রেখে চলেছে এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ফলপ্রসূ অবদান সংস্থাটি রেখে চলেছে।