এআইআইবির সদস্য হবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উদ্যোগে প্রস্তাবিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মেজবাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম. আসলাম আলম বৈঠকে উপস্থিত ছিলেন। সদস্য হহওয়ার সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে সময় দেওয়া হয়েছিল ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

যদিও গত ১৯ আগস্ট সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মী ভেঙ্কাটাচালামের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘এআইআইবি নয়, বাংলাদেশ বরং ব্রিকস ব্যাংকের সদস্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, এআইআইবির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি এখনো।’

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—এই পাঁচ দেশের আদ্যক্ষর নিয়ে চলতি বছরের জুলাইয়ে গঠিত হয়েছে ব্রিকস ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, এআইআইবির সদস্য হওয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত ইতিবাচক।

তবে ইআরডির সচিব সাংবাদিকদের বলেন, ‘আমরা এআইআইবির সদস্য হতে চাই। তার অংশ হিসেবে আগামী অক্টোবরে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।’

ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, নেপাল, কুয়েত, কাতারসহ ২৩টি দেশ এর সদস্য হওয়ার আগ্রহ ব্যক্ত করেছে।

অর্থনীতিবিদেরা অবশ্য বলছেন, যুক্তরাষ্ট্রের পরেই চীন এখন বড় অর্থনৈতিক শক্তি। কিন্তু যুক্তরাষ্ট্র, এমনকি জাপানের চেয়েও বিশ্বব্যাংক-আইএমএফে চীনের প্রভাব কম। যেমন, এডিবিতে চীনের চেয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের শেয়ার তিন গুণ বেশি। আবার আইএমএফে চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের শেয়ার বেশি পাঁচ গুণের কাছাকাছি।

গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি রাজনৈতিক প্রভাব তৈরির অভিপ্রায় থেকে চীন এআইআইবি গঠন করতে যাচ্ছে। এর সদস্য বাংলাদেশ হতেই পারে। তবে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংস্থাটি থেকে এককভাবে ঋণ নেওয়া ঠিক হবে না।’

আহসান মনসুর আরও বলেন, ‘সস্তায় ঋণ পাওয়া বড় কথা নয়, কারিগরি দিকও গুরুত্বপূর্ণ। সব সময় মাথায় রাখতে হবে সংস্থাটি নতুন হচ্ছে।’