এআইডিবি, ব্রিকস ব্যাংক প্রতিষ্ঠায় খুশি বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়াং কিম বলেছেন, প্রস্তাবিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক (এআইডিবি) এবং বিআরআইসিএস (ব্রিকস) ব্যাংক হবে দারিদ্র্য নির্মূল এবং বিশ্বব্যাপী অংশীদারিমূলক সমৃদ্ধি প্রতিষ্ঠার নতুন শক্তি। খবর সিনহুয়ার।
চীনের রাজধানী বেইজিং সফরকালে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কিম বলেন, ব্যাংক দুটি উন্নয়নশীল দেশে অবকাঠামোগত বিনিয়োগের প্রয়োজন মেটাবে। এ উদ্যোগকে বিশ্বব্যাংক স্বাগত জানায়। চালু সব বিনিয়োগই উন্নয়নশীল দেশের অবকাঠামো বিনিয়োগের প্রয়োজন মেটাবে না।প্রতিবছর উন্নয়নশীল দেশে এ ধরনের বিনিয়োগের পরিমাণ হচ্ছে প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার।এ খাতে বিশ্বব্যাংক গত বছর ৬০ বিলিয়ন ডলার দিয়েছে। বেসরকারি খাতসহ এর মোট পরিমাণ হচ্ছে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রকৃত চাহিদার অনেক কম।
বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী বলেন, ‘এ জন্য আমরা ব্রিকস বা এআইডিবিসহ এ ধরনের যেকোনো নতুন প্রতিষ্ঠানকে স্বাগত জানাই। কারণ, অবকাঠামো খাতে বিনিয়োগের প্রয়োজন খুবই ব্যাপক। নতুন ব্যাংকগুলো চালু হলে তাদের সঙ্গে আমরা সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারি। কারণ, আমাদের শত্রু হচ্ছে দারিদ্র্য। আমাদের এ শত্রু প্রবৃদ্ধির পরিপন্থী।’
উল্লেখ্য, ব্রিকস হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা—এই পাঁচ অগ্রসর উদীয়মান অর্থনীতির দেশের সমন্বয়ে গঠিত একটি জোট।ব্রিকসের শীর্ষ ষষ্ঠ সম্মেলন আগামী ১৫-১৬ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হবে।চীনের প্রেসিডেন্ট জি জিংপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে যোগ দেবেন।