এই অর্থনৈতিক ক্ষতি থেকে উদ্ধারে কয়েক বছর লাগবে: ওইসিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওইসিডি সতর্ক করেছে, করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক যে ক্ষতি হবে, সেখান থেকে পুনরুদ্ধার পেতে বিশ্বের কয়েক বছর সময় লেগে যাবে। ছবি: রয়টার্স
ওইসিডি সতর্ক করেছে, করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক যে ক্ষতি হবে, সেখান থেকে পুনরুদ্ধার পেতে বিশ্বের কয়েক বছর সময় লেগে যাবে। ছবি: রয়টার্স

উন্নত দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক করপোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) সতর্ক করেছে, করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক যে ক্ষতি হবে, সেখান থেকে পুনরুদ্ধার পেতে বিশ্বের কয়েক বছর সময় লেগে যাবে। সংস্থাটির মহাসচিব অ্যাঙ্গেল গরিয়া বলেন, ইতিমধ্যে এর অর্থনৈতিক ধাক্কা আর্থিক মন্দাকে ছাড়িয়ে গেছে।

বিবিসি অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে অ্যাঙ্গেল গরিয়া বলেন, ‘দেশগুলো দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে বলে বিশ্বাস করা এখন কেবল প্রত্যাশাই বলা যায়।’

এখন ওইসিডির পরামর্শ হলো সব দেশের উচিত হবে করোনায় আক্রান্ত শনাক্ত করতে যত সম্ভব পরীক্ষা করা এবং চিকিৎসা নিশ্চিত করতে সরকারগুলোকে ব্যয় বাড়ানোর আহ্বানও জানিয়েছে তারা। এর আগে ওইসিডি জানিয়েছিল, এই মহামারির কারণে বিশ্ব প্রবৃদ্ধি অর্ধেক কমে মাত্র দেড় শতাংশ হতে পারে। তবে গরিয়া মনে করছেন, এখন এমন আশা করাও উচ্চাশা।

ওইসিডি বলছে, বিভিন্ন কোম্পানিতে কত কর্মী ছাঁটাই হবে এবং কোম্পানিগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দেশগুলো আগামী কয়েক বছর ধরে ‘অর্থনৈতিক বিপর্যয়’ মোকাবিলা করবে। গরিয়া বলেন, বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতিগুলোও আগামী কয়েক মাস মন্দায় থাকবে। দেখা যাবে, পরপর দুই প্রান্তিকে প্রবৃদ্ধি কমে গেছে। এমনকি যদি বিশ্বব্যাপী মন্দা নাও হয়, তারপরও অনেক বড় বড় অর্থনীতির দেশে প্রবৃদ্ধি হয় শূন্য অথবা ঋণাত্মক হবে। কেবল এই বছর প্রবৃদ্ধি কমবে তা না ভবিষ্যতেও এটি পূর্বের অবস্থায় নিতে অনেক সময় লাগবে।

গরিয়া বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা বা ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার চেয়েও বর্তমানের এই মহামারি অর্থনৈতিক অবস্থাকে বেশি অনিশ্চিত করেছে। এর প্রধান কারণ, এটা নিশ্চিত না যে বেকারত্বের সৃষ্টি হচ্ছে, তা কত দিনে পূরণ করা সম্ভব হবে এবং শেষ পর্যন্ত কত মানুষ কর্মসংস্থান হারাবে। ইতিমধ্যে বিশ্বজুড়ে লাখ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বিপর্যস্ত।

বিশ্বব্যাপী সরকারপ্রধানেরা এই প্রাদুর্ভাবের সময় জনগণ ও ব্যবসায়িক সহায়তায় অভূতপূর্ব পদক্ষেপ নিচ্ছেন।