এই মুহূর্তে কোনো প্রভাব পড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় বাংলাদেশের বাণিজ্যে এই মুহূর্তে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ।

সচিবালয়ে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে জার্মান রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা জানান। অর্থমন্ত্রীর সঙ্গে গতকাল ফ্রান্স এবং ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূতও সৌজন্য সাক্ষাৎ করেন।

জার্মান রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্য ইইউর সদস্য। জোট থেকে বেরিয়ে যাওয়ায় ইইউর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে আপাতত কোনো প্রভাব পড়বে না। তবে বাংলাদেশ সরকার যুক্তরাজ্যের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসতে পারে।

জার্মানির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ সম্প্রতি বাংলাদেশ থেকে সরাসরি আকাশপথে পণ্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। জার্মানির লুফথানসা এয়ারলাইনস রোববার ঢাকার শাহজালাল বিমানবন্দরের পণ্য পরিবহন (কার্গো) ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের চিঠি না পাওয়ায় এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে সমাধান বের করতে লুফথানসা কার্গোর একটি প্রতিনিধিদল ইতিমধ্যে (ঢাকায়) এসেছে।

জার্মান রাষ্ট্রদূত বলেন, সরাসরি কার্গো পাঠানোর ক্ষেত্রে জার্মান নিষেধাজ্ঞায় বাংলাদেশের পোশাক খাতের কোনো ক্ষতি হবে না। কারণ বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় পুরোটাই চট্টগ্রাম থেকে জাহাজে করে যায়।