এইচঅ্যান্ডএম সন্তুষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশের সরবরাহকারী পোশাক কারখানার সংস্কারকাজের অগ্রগতিতে সন্তুষ্ট নয় সুইডেনভিত্তিক খুচরা বিক্রেতা ব্র্যান্ড হ্যানস অ্যান্ড মৌরিটজ (এইচঅ্যান্ডএম)।
রাজধানীর গুলশানের একটি হোটেলে গত মঙ্গলবার এইচঅ্যান্ডএম তাদের সদস্য কারখানার প্রতিনিধিদের সঙ্গে তাদের কারখানা ভবনের সংস্কারকাজের অগ্রগতি জানতে একটি বৈঠক করে।
বৈঠকে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডের কর্মকর্তারা তথ্য-উপাত্ত দিয়ে বলেন, এইচঅ্যান্ডএমের কাজ করা পোশাক কারখানাগুলোর সংস্কারকাজের অগ্রগতি প্রায় ৬২ শতাংশ। তখন ব্র্যান্ডটির কর্মকর্তারা এই অগ্রগতিতে খুশি নয় জানিয়ে সংস্কারকাজের ধীরগতি সম্পর্কে জানতে চান।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে সংগঠনটির সহসভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘আমি সদস্য কারখানার পক্ষ থেকে সংস্কারকাজের ধীরগতির কারণ ব্যাখ্যা করেছি। সংস্কারকাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি আমদানির জন্যই মানসম্পন্ন প্রতিষ্ঠান খুঁজতে গিয়ে আমাদের ছয় মাস সময় নষ্ট হয়েছে। এ ছাড়া রেকর্ড প্রায়ই নিত্যনতুন সমস্যা ধরিয়ে দিচ্ছে। এমনটি হলে তো অগ্রগতি কখনোই সন্তোষজনক হবে না। তখন এইচঅ্যান্ডএম কর্মকর্তারা প্রাথমিকভাবে দেওয়া সংশোধন কর্মপরিকল্পনা (ক্যাপ) ধরেই আমাদের এগোতে বলেছেন।’
মাহমুদ হাসান খান জানান, বৈঠকে এইচঅ্যান্ডএমের এ দেশীয় ব্যবস্থাপক রজার হুবার্ট, ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্র্যাড লয়েন ছিলেন।
অন্যদিকে বৈঠকের প্রথম অধিবেশনে এইচঅ্যান্ডএমের কাজ করে এমন ওভেন পোশাক প্রস্তুতকারক কারখানা এবং দ্বিতীয় অধিবেশনে নিট পোশাক ও সোয়েটার প্রস্তুতকারক কারখানার প্রতিনিধিরা ছিলেন।