এইচএসবিসি ইসলামি ব্যাংকিং সেবা বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ইসলামি ব্যাংকিং সেবা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বিশ্বের স্থানীয় ব্যাংক খ্যাত হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)। চলতি বছরের মধ্যেই সম্প্রসারিত ইসলামি ব্যাংকিং কার্যক্রম শুরু করবে ব্যাংকটি। এইচএসবিসি বাংলাদেশের আমানাহ নামের এ ব্যাংকিং সেবা কার্যক্রম হবে দক্ষিণ এশিয়ার মধ্যে ব্যাংকটির সবচেয়ে বড় ফ্রানচাইজি। এইচএসবিসির ইসলামি ব্যাংকিং বিভাগের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা রাজি এস ফাকিহ সাংবাদিকদের সঙ্গে ঢাকায় আলাপকালে এ পরিকল্পনার কথা জানান। দুবাইয়ে কর্মরত ভারতীয় বংশোদ্ভূত এইচএসবিসির এ কর্মকর্তা তাঁদের ইসলামি ব্যাংকিং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করতে গত সপ্তাহে এক দিনের সফরে বাংলাদেশে আসেন। এ সময় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামি ব্যাংকিং নিয়ে ব্যাংকের পরিকল্পনার কথা জানান তিনি।রাজি এস ফাকিহ বলেন, ‘২০০৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে আমরা বাংলাদেশে সীমিত পরিসরে ইসলামি ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছি। এটা মূলত আমদানি অর্থায়ন ও চলতি হিসাব সেবার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু চলতি বছরের শেষ নাগাদ বিশ্বের অন্যতম বড় মুসলিম অধ্যুষিত এ দেশে আমাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।’ফাকিহ বলেন, ‘এ দেশে আমানাহ কার্যক্রম সম্প্রসারণের সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। উন্নত ব্যাংকিং সেবার প্রতি আমাদের অঙ্গীকার হবে এগিয়ে যাওয়ার মূল পাথেয়। এ ছাড়া শরিয়াহ আইন সম্পর্কে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়ার পাশাপাশি আরও নতুন নতুন ইসলামি ব্যাংকিং সেবা চালু করা হবে।’রাজি ফাকিহ বলেন, এইচএসবিসি বিশ্বাস করে, ইসলামি অর্থায়নের জন্য বাংলাদেশ একটি উদীয়মান প্রতিশ্রুতিশীল রাষ্ট্র। এর সবচেয়ে বড় কারণ দেশটির স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুসলিম জনগোষ্ঠীর সংখ্যাধিক্য। উদাহরণ হিসেবে তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে দেশে গড়ে ৫ দশমিক ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি ধরে রেখেছে। এ ছাড়া ১৬ কোটি জনসংখ্যার এ দেশে ৯০ শতাংশই মুসলিম।