এইচএসবিসি ও স্ট্যানচার্ট সম্পর্কে ব্রিটিশ সরকারের কাছে তথ্য চাইবে ভারত
ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ব্রিটিশ সরকারের কাছে এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্পর্কে বিস্তারিত তথ্য চাইবে।ব্রিটিশ আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যানশিয়াল সার্ভিস অথরিটির (এফএসএ) কাছে যুক্তরাজ্যভিত্তিক এই দুটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ভারতের আউটসোর্সিং ব্যবসায় বড় ধরনের লেনদেন সম্পন্ন করে থাকে।এক মাসের কম সময়ের ব্যবধানে এইচএসবিসি ও স্ট্যানচার্টের বিরুদ্ধে মাদক ব্যবসা ও জঙ্গি অর্থায়নে সহযোগিতাসহ অবৈধ লেনদেনের অভিযোগ আনে মার্কিন যুক্তরাষ্ট্র। দুটি প্রতিষ্ঠানের বিষয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিশ্বজুড়ে আর্থিক খাতে নতুন করে সমালোচনার ঝড় ওঠে।এরই পরিপ্রেক্ষিতে মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়নের বিরুদ্ধে নিজেদের অবস্থান ও নজরদারিতে কোনো ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখতে ভারতীয় আর্থিক খাতের নিয়ন্ত্রকেরা সক্রিয় হয়ে উঠেছে। তারই অংশ হিসেবে আরবিআই শিগগিরই যুক্তরাজ্যের এফএসএকে কিছু তথ্য দেওয়ার জন্য অনুরোধ করবে। কিছুদিন আগেই আরবিআই তথ্য বিনিময় ও পারস্পরিক নজরদারিতে সহযোগিতার বিষয়ে এফএসএর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ ছাড়া আরবিআই ফেডারেল রিজার্ভসহ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছেও কিছু তথ্য চাইবে বলে জানা গেছে। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক দশকে ইরানের আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে গোপনে ৬০ হাজার লেনদেন সম্পন্ন করেছে বলে গত সপ্তাহে অভিযোগ আনে যুক্তরাষ্ট্র সরকার। এর মাধ্যমে ২০০১ থেকে ২০১০ সালের মধ্যে স্ট্যানচার্ট ইরানের সঙ্গে ২৫ হাজার কোটি ডলারের ‘অবৈধ’ লেনদেন সম্পন্ন করেছে বলেও এ সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে স্ট্যানচার্ট এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।অন্যদিকে এইচএসবিসি মেক্সিকোতে মাদক চোরাকারবারীদের অর্থায়নে সহযোগিতা করেছে বলে কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সরকারের আরেকটি অনুসন্ধানে ধরা পড়ে। একইসঙ্গে সন্ত্রাসী অর্থায়নে সম্পৃক্ত হওয়ার অভিযোগও ওঠে ব্যাংকটির বিরুদ্ধে। সূত্র: বিজনেস লাইন।