এইচএসবিসি তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং উদ্যোগী চেতনা প্রসারের লক্ষ্য নিয়ে এইচএসবিসি তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতা-২০১২ (ওয়াইইসি) এর প্রথম পর্ব শুরু হয়েছে। এই পর্বের বিজয়ী দলটি আগামী জুনে হংকংয়ে আঞ্চলিক চূড়ান্ত পর্বে এশিয়ার অন্যান্য দেশের বিজয়ী দলের মুখোমুখি হবে। ষষ্ঠবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক এই প্রতিযোগিতাটির আয়োজন করছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের দুই থেকে চার সদস্যের একটি দল গঠন করতে হবে। আজ বুধবার থেকে ৭ মার্চের মধ্যে প্রতিটি দলকে এক হাজার শব্দের মধ্যে একটি ব্যবসায়িক পরিকল্পনা ওয়াইইসি ওয়েবসাইটে পাঠাতে হবে। দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি), বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রু টিল্ক গতকাল ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের বিপণন ও যোগাযোগ বিভাগের প্রধান তালুকদার নোমান আনোয়ার, মানবসম্পদ ব্যবস্থাপক মারিয়া হক, জনসংযোগ বিভাগের প্রধান ইফতেখার হাসান এবং গত বছরের এইচএসবিসি তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের বিজয়ী উপমা দত্ত।এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রু টিল্ক বলেন, ‘দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ উদ্যোক্তাদের ব্যবসা ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার হাতেখড়ি দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এই প্রতিযোগিতা বাংলাদেশের সৃজনশীল, প্রতিভাবান তরুণ প্রজন্মকে তাদের মেধা ও উদ্ভাবনীশক্তি শাণিত করার সুযোগ সৃষ্টি করে দেবে।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক পর্বে উত্তীর্ণ প্রতিযোগীদের দক্ষতা বাড়াতে একাধিক কর্মশালার আয়োজন করা হবে। চূড়ান্ত পর্বে পাঁচটি দল বিচারকমণ্ডলীর সামনে নিজ নিজ পরিকল্পনা উপস্থাপন করবে। এতে প্রথম তিনটি বিজয়ী দল পুরস্কার হিসেবে ৭৫, ৪৫ ও ৩৫ হাজার টাকা পাবে। প্রথম স্থান অধিকারী দলটি আগামী জুনে হংকংয়ে অনুষ্ঠিত আঞ্চলিক চূড়ান্ত পর্বে অংশ নেবে। এতে বাংলাদেশ ছাড়াও ব্রুনাই, ফিলিপাইন, হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সাংহাইয়ের বিজয়ীরা অংশ নেবেন। তালুকদার নোমান আনোয়ার বলেন, সৃজনশীল ও উদ্ভাবনী পরিকল্পনার পাশাপাশি অবশ্যই তা বাণিজ্যিকভাবে বাস্তবায়নক্ষম হতে হবে। গত বছর প্রায় ৯০০ প্রতিযোগীর ২৯৩টি পরিকল্পনা জমা পড়েছিল বলে জানান তিনি। এইচএসবিসি তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতার সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.asiayechallenge.com/bd ওয়েবসাইটে।