এইচএসবিসি বাংলাদেশের তরুণ উদ্যোক্তা পুরস্কার বিতরণ
বাংলাদেশে ‘এইচএসবিসি তরুণ উদ্যোক্তা পুরস্কার ২০১১’-এর চূড়ান্ত পর্বে তিনটি সেরা দলকে পুরস্কৃত করা হয়েছে।বাংলাদেশে এইচএসবিসির (দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন) এই তরুণ উদ্যোক্তা পুরস্কার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গোল্ড বা স্বর্ণপদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের তিন শিক্ষার্থী যথাক্রমে উপমা দত্ত, শেহরীন কামাল ও নুসরাত শারমিন।একই বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের তিন শিক্ষার্থীর দল পেয়েছে সিলভার বা রৌপ্যপদক। শিক্ষার্থীরা হলেন মাহাদি হাসান সাগর, নওশিন আহমেদ ও বাধন মজুমদার।তৃতীয় পুরস্কারে ব্রোঞ্জ বা তাম্রপদক পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের তিন শিক্ষার্থীর আরেকটি দল। তারা হলো হায়দার দেওয়ান, লরা আমিন ও লামিয়া বাশারের সমন্বয়ে গঠিত দলটি।ঢাকায় গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ। এইচএসবিসি বাংলাদেশের চিফ রিস্ক অফিসার জনসন কে এস চ্যাং, ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের বিভাগীয় প্রধান সাদিক রেজা, পেমেন্ট অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম, করপোরেট ব্যাংকিংয়ের বিভাগীয় প্রধান রিয়াজ এ চৌধুরী এবং বিপণন ও যোগাযোগের ভারপ্রাপ্ত প্রধান ইফতেখার হাসান এই প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।পদক বিজয়ী এই তিনটি দল পুরস্কার হিসেবে নগদ অর্থ ছাড়াও এইচএসবিসির অর্থায়নে এক শিক্ষা সফরে হংকংয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে।