এইচএসবিসি ভোক্তাপর্যায়ে ব্যাংকিং বাড়াতে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি গ্রুপের জেনারেল ম্যানেজার এবং এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পার্সোনাল ব্যাংকিং ও বিপণন পরিচালক লুইসা চিয়্যাং সম্প্রতি ঢাকা সফরকালে প্রথম আলোকে বাংলাদেশে এইচএসবিসির কর্মকাণ্ড ও কর্মপরিকল্পনা সম্পর্কে বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলামবাংলাদেশের আর্থিক বাজারকে এইচএসবিসি কীভাবে দেখে?আর্থিক বাজারের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। বিশ্ব অর্থনীতি, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর কাছে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ। তৈরি পোশাকের বিশ্ব বাজারে বাংলাদেশের উল্লেখযোগ্য অবস্থানের কথা সবাই জানে। সেই বাজার আরও বাড়ার সুযোগ রয়েছে। তা ছাড়া বেশ কয়েক বছর ধরেই দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ছয় শতাংশের কাছাকাছি থাকছে। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। অভ্যন্তরীণ নানা সমস্যা, এমনকি বিশ্ব অর্থনৈতিক মন্দার পরেও বাংলাদেশের প্রবৃদ্ধির হার ছয় শতাংশ থেকে খুব একটা নামেনি। এ ঘটনা বাংলাদেশের শক্তিশালী আর্থিক বাজার ব্যবস্থাপনারই নির্দেশক।বাংলাদেশে এইচএসবিসির বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা কী?প্রায় ১৬ কোটি জনসংখ্যার এ দেশটিতে বিপুলসংখ্যক মানুষ এখনো ব্যাংকিং সেবার বাইরে। বিশ্বব্যাপী ১৪০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা কাজে লাগিয়ে এইচএসবিসি এই জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনায় ভূমিকা রাখতে চায়। ইতিমধ্যেই বাংলাদেশে এইচএসবিসির বাজার সম্প্রসারিত হয়েছে। নতুন নতুন সেবা চালুসহ সম্প্রতি চালু করা হয়েছে ইন্টারনেট ব্যাংকিং। ১৯৯৬ সাল থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে এইচএসবিসির শাখা এখন ১৩টি। এ ছাড়া আটটি কাস্টমার সার্ভিস সেন্টার ও ৩৪টি এটিএম বুথ রয়েছে। গ্রাহকসংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে অনেক আগেই। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) রয়েছে সাতটি কার্যালয়। বাংলাদেশের মোট রপ্তানি বাজারের নয় শতাংশেরও বেশির সঙ্গে এইচএসবিসি জড়িত। চাইলে শাখা, কার্যালয়, সেন্টার ও বুথ আরও বাড়ানো যায়। কিন্তু সেবার মানকে অগ্রাধিকার দেওয়া অঙ্গীকার বলে শুধু শুধু সেগুলো বাড়াতে চাই না।কোন ব্যবসায়িক বিবেচনায় এইচএসবিসির কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ? বাংলাদেশ দিন দিন উন্নতি করছে। সামনে বিপুল উন্নতির সম্ভাবনাও রয়েছে। বিশ্ব ঋণ মানেও (রেটিং) এগিয়ে যাচ্ছে দেশটি। গোল্ডম্যান স্যাক্স, মুডিসহ আরও অনেক সংস্থারই প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মতামত উঠে এসেছে। এসব এইচএসবিসির বিবেচনায় থাকে। তা ছাড়া এইচএসবিসির কিছু বাজার-কৌশল রয়েছে এশিয়াকে ঘিরে। তাই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এইচএসবিসির কাছে বাংলাদেশ অন্যতম বিবেচ্য। এর পেছনে রয়েছে দেশটির বিপুল ভোক্তাশ্রেণী অর্থাৎ জনসংখ্যা। দেশটির সমস্যার মধ্যে প্রকট হচ্ছে দুর্বল অবকাঠামো। এ সমস্যা অবশ্য অনেক দেশেরই সাধারণ সমস্যা। তবে সরকারি-বেসরকারি অংশীদারের (পিপিপি) মাধ্যমে আগামী দিনে অবকাঠামোতে ভালো কিছু হবে বলে আশা করা যায়। বাজারে কী কী নতুন সেবা আনতে চায় এইচএসবিসি? এইচএসবিসি নেটের মাধ্যমে বর্তমানে বাণিজ্যিক গ্রাহকেরা ইন্টারনেট ব্যাংকিং করছেন। কয়েক মাসের মধ্যে খুচরা ভোক্তাদের (রিটেইল কনজ্যুমার) জন্যও ইন্টারনেট ব্যাংকিংয়ের সেবাটি চালু করা হবে। পার্সোনাল ইন্টারনেট ব্যাংকিংয়ে এইচএসবিসি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। বাংলাদেশের জন্য আরও একটি আকর্ষণীয় পণ্য রয়েছে এবং তা হলো শরিয়াহভিত্তিক। সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাণিজ্যিক গ্রাহকদের জন্য চালু করা হচ্ছে ‘আমানাহ’ নামের একটি পণ্য। চলতি বছরের শেষ নাগাদ পুরোদমে তা বাস্তবায়নের চিন্তা রয়েছে। শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বব্যাপীই এইচএসবিসির জন্য এই পদক্ষেপ মাইলফলক হিসেবে কাজ করবে। ভারতের পুঁজিবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে কোনো ভাবনা আছে কি? না, বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির ব্যাপারে এইচএসবিসি কিছু ভাবছে না। এখনকার ভাবনা হলো ভোক্তা পর্যায়ে ব্যাংকিংটা পুরোদমে চালু করা। বিশ্বের স্থানীয় ব্যাংক হিসেবে যেখানেই যাবে, সেখানেই স্থানীয়দের সেবা দেওয়ার পাশাপাশি তাদের আস্থা অর্জনে সচেষ্ট থাকবে এইচএসবিসি।