এইচএসবিসির ব্যবসা ও মুনাফা বেড়েছে
২০১২ সালে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) আগের বছর অর্থাৎ ২০১১ সালের তুলনায় বেশি ব্যবসা করেছে।আলোচ্য বছরে এইচএসবিসির আন্ডারলায়িং প্রফিট বা কর-পূর্ব অন্তর্নিহিত মুনাফা হয়েছে এক হাজার ৬৪০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি। একই সময়ে প্রতিষ্ঠানটির টায়ার ওয়ান ক্যাপিটাল অনুপাত ১০ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে।প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আলোচ্য বছরে বাণিজ্যিক ব্যাংকিংয়ে এইচএসবিসি ৮৫০ কোটি ডলারের কর-পূর্ব মুনাফা অর্জনের রেকর্ড করেছে, যা ২০১১ সালের চেয়ে ৭ শতাংশ বেশি।২০১২ সালে এইচএসবিসি গ্রুপের আন্ডারলায়িং রেভিনিউ বা অন্তর্নিহিত মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ছয় হাজার ৩৫০ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৭ শতাংশ বেশি।এইচএসবিসি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টুয়ার্ট গালিভার এ প্রসঙ্গে বলেন, ‘২০১২ সালে আমরা ব্যবসায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। আমরা ব্যবসায়ের বিকাশ ঘটিয়েছি। বিশেষ করে দ্রুত বর্ধনশীল বাজারগুলোতে বাণিজ্যিক ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের প্রচুর আয়-মুনাফা হয়েছে।’