এইচএসবিসির সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

গ্রামীণফোন সম্প্রতি দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেডের (এইচএসবিসি) সঙ্গে একটি চুক্তি সই করেছে। গ্রামীণফোনের ২০১৫ ও ২০১৬ (প্রযোজ্য সাপেক্ষে) সালের অন্তর্বর্তীকালীন ও বার্ষিক লভ্যাংশ বিতরণের জন্য এ চুক্তি করা হয়।
গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লভ্যাংশ বণ্টনের এ কাজে ব্যাংকিং পার্টনার নির্বাচন করার জন্য গ্রামীণফোন একটি আরএফপি (রিকোয়েস্ট ফর প্রপোজাল) ইস্যু করে। এই আরএফপি অনুযায়ী অংশগ্রহণকারী ব্যাংকগুলোর নির্বাচিত হওয়ার জন্য নির্দিষ্ট ব্যাংকিং নৈপুণ্য ও মানদণ্ড থাকতে হয়।
গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ পাল ও এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রাঁসোয়া ডি মারিকো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের করপোরেট ফাইন্যান্স ও ট্রেজারি পরিচালক মোস্তফা আলিম আওলাদ, পরিচালক ও কোম্পানি সচিব হোসেন সাদাত, এইচএসবিসি বাংলাদেশের লার্জ করপোরেট প্রধান রিয়াজ এ চৌধুরী, এইচএসবিসি বাংলাদেশের পেমেন্টস অ্যান্ড ক্যাশ ব্যবস্থাপনা প্রধান জিশান শামসাদ।
এই চুক্তি অনুযায়ী এইচএসবিসি গ্রামীণফোনের শেয়ারহোল্ডার মধ্যে সুষ্ঠু ও কার্যকরভাবে লভ্যাংশ বিতরণে নিয়োজিত থাকবে।