এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলের আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় এই প্রতিষ্ঠানটি ১০ টাকা মূল্যের দুই কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিষ্ঠানটি এই অর্থ কোম্পানির যন্ত্রপাতি ক্রয়, জমি ক্রয় ও ভূমি উন্নয়ন, নতুন কারখানা ভবন নির্মাণ, বর্তমান যন্ত্রপাতি পরিবর্তন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
বিএসইসি সূত্রে জানা যায়, গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ৬৬ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ২৮.২৫ টাকা। প্রতিষ্ঠানে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এ ছাড়া আজকের সভায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত আটটি মিউচুয়াল ফান্ডের অবসায়নের মেয়াদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।