এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের রাইট ও বোনাস শেয়ারের পক্ষে হাইকোর্টের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের রাইট ও বোনাস শেয়ারের লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নাকচ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দেওয়া চিঠি অবৈধ ঘোষণা করেছেন। একই সঙ্গে আদালত এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এ ব্যাপারে এসইসির কাছে প্রস্তাব পাঠালে ১০ দিনের মধ্যে হাইকোর্টের রায়ের আলোকে অনুমোদন দিতে নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে রোকন উদ্দিন মাহমুদ, শেখ ফজলে নুর তাপস, আবুল কালাম আজাদ, এসইসির পক্ষে মাহমুদুল ইসলাম ও প্রবীর নিয়োগী মামলা পরিচালনা করেন।গত ২৪ ফেব্রুয়ারি এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০০৭-০৮ ও ২০০৮-০৯ সালের জন্য ৭০ শতাংশ বোনাস ও ১৩০ শতাংশ রাইট লভ্যাংশ ঘোষণা করে এসইসির কাছে অনুমোদনের জন্য পাঠায়। ৭ মার্চ এসইসি এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ওই আবেদন নাকচ করে চিঠি দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ক্ষুদ্র বিনিয়োগকারী মো. আবুল হোসেন হাইকোর্টে রিট করেন। এ পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন এবং এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরবর্তী লেনদেনের ওপর নিষেধাজ্ঞা দেন। গত বৃহস্পতিবার চূড়ান্ত শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করা হয়।রায়ের ব্যাপারে আইনজীবী আবুল কালাম আজাদ জানান, এসইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণার ফলে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের রাইট এবং বোনাস শেয়ার ঘোষণায় কোনো প্রকার বাধা থাকল না। রায়ের পর্যবেক্ষণ সম্পর্কে তিনি বলেন, এর আগে হাইকোর্ট এ ব্যাপারে একটি রায় দিয়েছিলেন। ওই রায় এবং আজকের রায়ের আলোকে ফান্ডটির রাইট শেয়ার ও বোনাস শেয়ারের প্রস্তাব পাঠানো হলে এসইসিকে ১০ দিনের মধ্যে অনুমোদন দিতে বলা হয়েছে।