এইমস লভ্যাংশ দিতে পারবে
এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের রাইট ও লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার দেওয়ার ঘোষণার সিদ্ধান্ত নাকচ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দেওয়া চিঠি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত ২৪ ফেব্রুয়ারি এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০০৭-০৮ ও ২০০৮-০৯ সালের জন্য লভ্যাংশ হিসেবে ৭০ শতাংশ বোনাস শেয়ার ও ১৩০ শতাংশ রাইট ঘোষণা করে এসইসির কাছে অনুমোদনের জন্য পাঠায়। ৭ মার্চ এসইসি এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ওই আবেদন নাকচ করে দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ক্ষুদ্র বিনিয়োগকারী মো. আবুল হোসেন হাইকোর্টে রিট করেন। আদালত রুল জারি করেন এবং ফান্ডটির লভ্যাংশ ঘোষণার ওপর নিষেজ্ঞাধা দেন। আর রুলের চূড়ান্ত শুনানির পর গত বৃহস্পতিবার আদালত ৫ অক্টোবর রায়ের দিন ধার্য করেন।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, শেখ ফজলে নূর তাপস ও আবুল কালাম আজাদ এবং এসইসির পক্ষে মাহমুদুল ইসলাম ও প্রবীর নিয়োগী মামলা পরিচালনা করেন।রায় প্রসঙ্গে আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এসইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণার ফলে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের রাইট এবং বোনাস শেয়ার ঘোষণায় কোনো প্রকার বাধা থাকল না। এ ব্যাপারে আগেও হাইকোর্ট একটি রায় দেন। ওই রায় এবং মঙ্গলবার দেওয়া রায়ের আলোকে ফান্ডটির রাইট শেয়ার ও বোনাস শেয়ারের জন্য প্রস্তাব পাঠানো হলে এসইসিকে ১০ দিনের মধ্যে সিন্ধান্ত দিতে বলা হয়েছে।