এক অঙ্কের সুদহারে পুনঃঅর্থায়নের দাবি রিহ্যাবের
আবাসন খাতের মন্দা কাটাতে বাংলাদেশের ব্যাংকের কাছে এক অঙ্কের সুদহারে পুনঃঅর্থায়ন তহবিল চালুর দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সঙ্গে দেখা করে রিহ্যাবের নেতারা এ দাবি জানান। রিহ্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এর আগে ২০০৭ সালে বাংলাদেশ ব্যাংকও নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের আবাসন চাহিদা মেটানোর উদ্দেশ্যে ৩০০ কোটি টাকা দিয়ে একটি পুনঃঅর্থায়ন তহবিল চালু করে, যা ২০০৯ সালে ৭০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছিল। অবশ্য বাংলাদেশ ব্যাংক ২০১০ সালের এপ্রিলে এক সার্কুলার জারি করে জমিজমা কেনার জন্য সব ধরনের ব্যাংকঋণ দেওয়া বন্ধ করে দেয়। রিহ্যাবের পক্ষ থেকে আবারও একই ধরনের পুনঃঅর্থায়নের দাবি জানানো হয়।
রিহ্যাবের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন। এ সময় রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল হক, সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া ও কোষাধ্যক্ষ সরদার মো. আমীন উপস্থিত ছিলেন।
এস কে সুরের সঙ্গে দেখা করে রিহ্যাবের প্রতিনিধিরা বলেন, প্রায় দুই যুগ ধরে আবাসন সমস্যা সমাধানে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছেন বেসরকারি উদ্যোক্তারা। জিডিপিতে বড় অবদানও রয়েছে এই শিল্পের। কিন্তু রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে এ খাতে স্থবিরতা বিরাজ করছে। এ সংকট দূর করতে আবারও এক অঙ্ক সুদহারে পুনঃঅর্থায়ন দরকার।
এ সময় এস কে সুর চৌধুরী এক অঙ্ক সুদহারে অর্থায়ন চালুর ব্যাপারে সরকারের নীতির কথা তুলে ধরেন। সরকার নির্দেশনা দিলে এ ঋণ কর্মসূচি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।