এক কাপ চায়ের মেলা

‘এক কাপ চা, কত গল্প বলে সকাল, বিকেল, সন্ধে বেলা...’। এ গানটির মতো চা নিয়ে আড্ডাপ্রিয় বাঙালির গল্পের যেন শেষ নেই। নিজের চা-প্রীতি তুলে ধরতে গিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, যে চা খায় না সে হলো ‘চাকর’। চায়ের সঙ্গে বাঙালির পুরোনো প্রেমকে আরেকটু উসকে দিতেই যেন ঢাকায় এবার শুরু হয়েছে তিন দিনের চা প্রদর্শনীর।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির পুষ্পগুচ্ছ হলে প্রথমবারের মতো চা নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চা বোর্ড। বাংলাদেশে চা-শিল্পের অবস্থান, বিভিন্ন ধরনের চা, চায়ের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পণ্য, উৎপাদনকারীদের নিয়ে চলছে এ মেলা। ইস্পাহানী, ফিনলে, ডানকান, সিলোন, ম্যাগনোলিয়া, কাজী অ্যান্ড কাজী, এইচআরসি, হালদা ভ্যালি, সিটির মতো বড় বড় চা উৎপাদনকারী দেশীয় সব প্রতিষ্ঠানই অংশ নিচ্ছে এ মেলায়। সঙ্গে আছে বাংলাদেশ চা বোর্ড, চা গবেষণা ইনস্টিটিউট, চা ব্যবসায়ীসহ এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠান।
ভাবছেন, চা-প্রেমী হিসেবে এই মেলায় গেলে আপনার কী লাভ? প্রথম লাভ হলো, বিনা মূল্যে বিভিন্ন স্বাদ ও গন্ধের চা পানের সুযোগ মিলছে এখানে। আবার পান করে কোনো চা যদি ভালো লেগে যায়, সেটির ওপর থাকছে নগদ মূল্যছাড়। বাড়তি পাওনা হিসেবে থাকছে চা পানের উপকারিতা এবং কোন চা কীভাবে তৈরি করতে হবে, সেটা জানার সুযোগ। বাংলাদেশে এখন কী পরিমাণ চা উৎপাদিত হয়, কতটুকু আমদানি-রপ্তানি হয়—চাইলে এসব তথ্যও জানার সুযোগ আছে এ মেলায়।
উদ্বোধনের পর গত বৃহস্পতিবার প্রদর্শনী ঘুরে চোখে পড়ে চা-প্রেমী অনেক দর্শনার্থীর ভিড়। দেশের প্রথম অর্গানিক চা উৎপাদনকারী কাজী অ্যান্ড কাজীর স্টলে গরম-গরম চার রকমের চায়ের স্বাদ নিলেন গুলশান থেকে আসা আসাদুজ্জামান। চায়ের স্বাদ কেমন লাগল জানতে চাইলে হাসিমুখে তিনি বললেন, ‘ভালো লাগছে। এখানে এসে নতুন কিছু চায়ের স্বাদ নিলাম, যেটা বাসায় বা বাইরে তৈরি চায়ে পাওয়া যায় না।’

কাজী অ্যান্ড কাজীর কর্মকর্তা আসমা উল রোকসানা বললেন, তাঁর প্রতিষ্ঠানের উৎপাদিত ব্ল্যাক, গ্রিন, তুলসী, আদা, জেসমিনের নির্যাসযুক্ত মোট ১২ রকমের চা মেলায় প্রদর্শন করা হচ্ছে। খাদি ও পাটের বিশেষ মোড়কে এসব চা বিক্রি করা হচ্ছে, যেটা বাইরে পাওয়া যায় না।
মেলার একেবারে মাঝে বিশাল পরিসরে সাজানো হয়েছে চা বোর্ডের স্টল। স্টলের মাঝখানে বড় টবে সাজিয়ে রাখা হয়েছে একটি জীবন্ত চা-গাছ। এক কোনায় প্রতিষ্ঠানটির উদ্ভাবিত নিজস্ব জাতের চা-পাতা থেকে তৈরি চা কাপে সাজিয়ে রাখা হয়েছে। আগ্রহী দর্শনার্থীদের এসব চা গরম-গরম পরিবেশনও করা হচ্ছে।
চা বোর্ডের একজন কর্মকর্তার কাছ থেকে জানা গেল, গত তিন বছরে ২২ রকম স্বাদের চা প্রতিষ্ঠানটি উদ্ভাবন করেছে। এগুলোর মধ্যে তিনটি চা (সাতকরা, অর্থোডক্স, গ্রিন টি) প্রতিষ্ঠানটির চট্টগ্রাম ও শ্রীমঙ্গল বিক্রয়কেন্দ্রে বিক্রি করা হচ্ছে।
মেলায় ইস্পাহানীর দুটি স্টল চোখে পড়ে। এর একটিতে ইস্পাহানীর বিভিন্ন স্বাদের চা তৈরি করে দর্শনার্থীদের আপ্যায়ন করা হচ্ছে, আবার চা বিক্রিও হচ্ছে। অন্য স্টলটিতে ইস্পাহানীর বাগান, চা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ক্রেতাদের জানানো হচ্ছে।
চট্টগ্রামের হালদা ভ্যালি টি কোম্পানির স্টলটি তৈরি করা হয়েছে গ্রিনহাউসের আদলে। স্টলটির ভেতরে এক পাশে চোখে পড়ে চা-গাছের চারা, আরেক দিকে সাজিয়ে রাখা হয়েছে চা-গাছে পানি দেওয়ার বিভিন্ন যন্ত্র। প্রতিষ্ঠানটির উৎপাদিত চীনে রপ্তানি হওয়া চা-পাতার মোড়ক আরেক পাশে সাজিয়ে রাখা হয়েছে।
হালদা ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক নাদের খান প্রথম আলোকে বলেন, ‘সাধারণ পদ্ধতিতে প্রতি হেক্টরে যে পরিমাণ চা উৎপাদিত হয়, নিজস্ব উদ্ভাবিত পদ্ধতিতে একই জমিতে আড়াই গুণ বেশি চা আমরা উৎপাদন করছি। চায়ের উৎপাদন বাড়ানোর এ গল্প সবাইকে জানাতে মেলায় এসেছি।’
উৎপাদক এসব প্রতিষ্ঠানের পাশাপাশি সাত রঙের চা, খাবার, চায়ের কাপ বিক্রির স্টলও মেলায় রয়েছে। মেলায় প্রবেশের নিয়মটিও একটু ব্যতিক্রম। মেলার ফেসবুক পেজে গিয়ে নিবন্ধন করলেই মিলবে ভেতরে প্রবেশের সুযোগ।