এক কোটি লোককে কর-জালে আনা হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তত এক কোটি মানুষকে কর-জালের আওতায় আনতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় আয়কর দিবসে তিনি এ অভিমত প্রকাশ করেছেন।দেশের সক্ষম জনগণকে কর প্রদানে উৎসাহ জোগাতে গতকাল বুধবার তৃতীয়বারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হলো জাতীয় আয়কর দিবস। এ উপলক্ষে ছয় মহানগরসহ জেলা পর্যায়ের ৩৪৮ জন সেরা করদাতাকে গতকাল পুরস্কৃত করেছে সরকার।মহানগর ও ৬৪টি প্রশাসনিক জেলার প্রতিটির তিনজন সর্বোচ্চ ও দুজন দীর্ঘ সময় ধরে কর প্রদান করছেন এমন ব্যক্তিদের এ সম্মাননা দেওয়া হয়। তবে এবার বিভাগীয় ও জেলা পর্যায়ের করদাতাদের সবাইকে সম্মাননা ক্রেস্ট ও সনদ নেওয়ার জন্য ঢাকায় আসতে হয়নি। নিজ নিজ বিভাগীয় কর অঞ্চলে আয়কর দিবসের অনুষ্ঠান করে তাঁদের পুরস্কৃত করা হয়েছে। ‘সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর—দিনবদলের অঙ্গীকার, সবাই হব অংশীদার’ স্লোগান নিয়ে এবারের জাতীয় কর দিবসের মূল অনুষ্ঠানটি হয়েছে রাজধানীর ঢাকার অফিসার্স ক্লাব মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। তাঁরা দুজনে ঢাকা মহানগর ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ৮৫ জন সেরা করদাতার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ ও সরকারদলীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এনবিআরের সদস্য (কর প্রশাসন ও পরিচালন) বশির উদ্দিন আহমেদ।আবুল মাল আবদুল মুহিত সেরা করদাতা ও জাতীয় আয়কর দিবসের প্রণেতাদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বিশ্বায়নের সঙ্গে সঙ্গে আমদানি শুল্ক থেকে রাজস্ব আদায়ের পরিমাণ কমে যাবে। কিন্তু সরকারের কাজ কমছে না, বরং বাড়ছে। এমনকি ব্যক্তি-মালিকানার খাত যেখানে বিকশিত হচ্ছে, সেখানেও সরকারের ভূমিকার প্রয়োজন পড়ছে। তাই রাজস্ব বাড়াতে আয়করের কোনো বিকল্প নেই। কিন্তু বাংলাদেশের আয়কর আদায়ের হার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। এটা লজ্জাজনক।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা এ লজ্জাজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাই। এ জন্য ন্যূনতম এক কোটি লোককে কর-জালের আওতায় নিয়ে আসা হবে। এ লক্ষ্যে কর প্রদান প্রক্রিয়া আরও সহজ ও হয়রানিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আয়কর আইন সংশোধনের কাজ চলছে। এ বছরের শেষ নাগাদ আইনের খসড়া তৈরি করা হবে।’অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এবার কোনোভাবেই আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব করদাতাকে রিটার্ন দাখিল করতে হবে। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট দিনের মধ্যেই করদাতারা কর পরিশোধ করুক। আর এ বছর থেকে আমরা সেই অনুশীলন শুরু করতে চাই।’ এ বক্তব্যের পর তিনি করদাতাদের সাবধান করে দিয়ে বলেন, হাতে কিন্তু আর মাত্র ১৫ দিন সময় রয়েছে।কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, কর আদায় না বাড়াতে পারলে একদিকে যেমন পরনির্ভরশীলতা বাড়বে, অন্যদিকে অভ্যন্তরীণ ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নিতে হবে। এর কোনোটাই অর্থনীতির জন্য সুখকর নয়। কারণ সামান্য টাকা দিয়ে বিদেশিরা যে খবরদারি করে তা মেনে নেওয়া যায় না। আবার ব্যাংকব্যবস্থা থেকে সরকার ঋণ নিলে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়।নাসিরউদ্দীন আহমেদ বলেন, ‘আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই যে এনবিআর ভয়ভীতির জায়গা নয়। আমরা মানুষের কাছে যেতে চাই। গ্রামগঞ্জে গিয়ে তাদের কর প্রদানে উদ্বুদ্ধ করব। প্রয়োজনে এক পাতার রিটার্নের মাধ্যমে তাদের কাছ থেকে কর সংগ্রহ করা হবে।’এদিকে জাতীয় কর দিবস উপলক্ষে গতকাল এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে এনবিআর। শোভাযাত্রাটি সকাল আটটায় এনবিআরের কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে নেতৃত্ব দেন। এ ছাড়া শোভাযাত্রায় জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের খেলোয়াড়, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, আয়কর আইনজীবীসহ এনবিআরের কর্মকর্তারা অংশ নেন।কর ক্যালকুলেটর চালু: কর প্রদানকে আরও সহজ করতে অনলাইনে করের হিসাব বের করার জন্য বিশেষ সফটওয়্যার নির্মাণ করেছে এনবিআর। এ সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে কর ক্যালকুলেটর। এনবিআরের ওয়েবসাইটে (www.nbr-bd.org) গিয়ে একজন করদাতা খুব সহজেই এ ক্যালকুলেটরের মাধ্যমে তাঁর করের হিসাব বের করতে পারবেন। এতে কেবল করদাতার বিভিন্ন ধরনের আয়ের তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবেই তাঁর করের হিসাব বের হয়ে আসবে। এ জন্য তাঁর অন্য কোনো ব্যক্তির সহযোগিতার প্রয়োজন পড়বে না। আয়কর দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ ক্যালকুলেটরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।