এক ঘণ্টা জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো বন্ধ

চট্টগ্রাম বন্দরে আজ মঙ্গলবার সকালে বেশির ভাগ জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের বিক্ষোভ কর্মসূচির কারণে কাজ বন্ধ ছিল বলে জানা গেছে।
পণ্যবাহী জাহাজের ক্রেন চালকদের বন্দরের শ্রম শাখায় তালিকাভুক্ত করার দাবিতে আজ মঙ্গলবার সকালে নগরের নিমতলা বিশ্বরোড মোড়ে শ্রমিক-কর্মচারী লীগের সংগঠন কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শ্রমিকেরা। এই কর্মসূচিতে অংশ নেন জাহাজের ক্রেন চালকেরা।
বর্তমানে বন্দরের একটি জেটি ছাড়া সব কটিতে জাহাজের ক্রেন ব্যবহার করে কনটেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানো হয়। একইভাবে বহির্নোঙরে ক্রেনের মাধ্যমে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তর করা হয়। বড় জাহাজের ক্রেনও চালান তারা। এরা সবাই বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে কর্মরত। বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের পছন্দমতো এই ক্রেন চালকদের নিয়োগ দেয়।
বন্দর জেটি পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটর, শিপ হ্যান্ডেলিং অপারেটর ও টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে ক্রেন চালকেরা কাজ না করেই চলে যায়। পরে শ্রমিকদের তাগাদা দেওয়ায় এক ঘণ্টা পর কাজে যোগ দেয়। এই এক ঘণ্টায় জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো বন্ধ ছিল।
ক্রেন চালকদের এই কর্মসূচির বিষয়ে জানতে চাইলে বিক্ষোভ কর্মসূচির আয়োজক বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মীর নওশাদ প্রথম আলোকে বলেন, তারা শুধু বন্দরের বাইরে নিমতলা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছিলেন। কাজ বন্ধের কোনো কর্মসূচি ছিল না। এরপরও ক্রেন চালকেরা কাজ বন্ধ করে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।
বন্দর সূত্র জানায়, বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অধীনে পাঁচ শ্রেণির শ্রমিক-কর্মচারী কাজ করে। এদের মধ্যে ডক শ্রমিক, মার্চেন্ট শ্রমিকসহ চার শ্রেণির শ্রমিকদের বন্দরের শ্রম শাখায় তালিকাভুক্ত করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্দরের তালিকাভুক্ত শ্রমিকদের ধারাবাহিকভাবে নিয়োগ দেয়। আবার নানা সুযোগ-সুবিধাও পায় তালিকাভুক্ত শ্রমিকেরা। এ কারণে ক্রেন চালকেরাও এখন বন্দরের তালিকাভুক্ত হতে চান।
আজ নিমতলা মোড়ে শ্রমিক সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. মীর নওশাদ। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ অন্যান্য শ্রমিক লীগ নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তব্যে তালিকাভুক্ত করা ছাড়াও পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা, যথাসময়ে পোশাক সরবরাহসহ ১৪ দফা দাবি জানানো হয়। দাবি মানা না হলে আগামী ৪ জানুয়ারি মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।