হরতাল-অবরোধ দুই দিন শিথিল থাকায় যেখানে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার কথা, সেখানে ঈশ্বরদীর ব্যবসায়ীরা কিনা নামলেন রাজপথে। তাঁরা গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা এক ঘণ্টা প্রতিবাদ-সমাবেশ ও মানববন্ধন করলেন।
রাজনৈতিক কর্মসূচির নামে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ঈশ্বরদী চেম্বার অব কমার্স শহরের প্রধান সড়কে এই কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতারাও যোগ দেন, সংহতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন চেম্বারের সভাপতি ইউনুস আলী, সহসভাপতি শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জাপার পৌর কমিটির আহ্বায়ক জেমস খান, সিপিবির সাধারণ সম্পাদক আহসান হাবীব, মোটরশ্রমিক নেতা লিয়াকত আলী, ব্যবসায়ী নেতা কে এম আবুল বাশার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দীন আহমেদ, সাংবাদিক সেলিম সরদার, ব্যবসায়ী সেলিম আহমেদ ও আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে অরাজকতা সৃষ্টি করে ব্যবসায়ীদের পেটে লাথি মারা যাবে না। ঈশ্বরদীতে পুনরায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হলে তা ঠেকাতে ব্যবসায়ীরা ‘লাঠি-বাঁশি’ কর্মসূচি দিতে বাধ্য হবেন।
নুরুজ্জামান বিশ্বাস বলেন, নিজ নিজ দলের কালো ঘোড়াকে বেঁধে রাখতে হবে। তা না হলে ব্যবসায়ীদের ওপর হামলা ঠেকানো যাবে না।
মখলেছুর রহমান ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি হোটেল-রেস্তোরাঁয় খেয়ে টাকা না দিয়ে ব্যবসায়ীদের হুমকি-ধমকি দেয়, তাহলে তাঁদের বেঁধে থানায় দেবেন। আমরা দল থেকে কোনো তদবির করব না।’
শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা কোনো রাজনৈতিক দলের বন্ধকি সম্পত্তি নয়। ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
লিয়াকত আলী বলেন, ‘দল যার যার, ব্যবসায়ীরা সবাই এক কাতার’—রাজনৈতিক দলগুলোকে এ কথা মনে রাখতে হবে।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ চলাকালে ঈশ্বরদীতে পাঁচটি ব্যাংকসহ ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। এর প্রতিবাদেই ঈশ্বরদী চেম্বার ব্যবসায়ীদের নিয়ে কর্মসূচিটির আয়োজন করেন।