এক ঘণ্টার মধ্যে ভিসা চায় বিডা
বাংলাদেশে যেসব বিদেশি বিনিয়োগকারী আসবেন, তাঁদের প্রয়োজনীয় নথিপত্র থাকা সাপেক্ষে এক ঘণ্টার মধ্যে ভিসা দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এ প্রস্তাব দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিডার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি মিশনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরা, বিদেশি সম্ভাব্য বিনিয়োগকারীদের তথ্য সংগ্রহ, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ দেশে সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন ইত্যাদি নিয়ে আলোচনা হয়।
এতে বিডার চেয়ারম্যান বিদেশি বিনিয়োগকারীদের ছয় মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদান, সাধারণ ভিসা তিন কর্মদিবসের মধ্যে দেওয়া এবং জরুরি ক্ষেত্রে ছুটির দিনেও ভিসা প্রক্রিয়াকরণের জন্য হটলাইনের ব্যবস্থা করার সুপারিশ করেন।