এক-চতুর্থাংশ অভিযোগ ব্যাংকের কার্ড নিয়ে
ভারতে ব্যাংকসেবা নিয়ে গ্রাহকেরা যেসব অভিযোগ করছেন, তার এক-চতুর্থাংশই এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে। খবর বিজনেস লাইনের।ব্যাংকিং ন্যায়পালের কাছে দেশটির ব্যাংকের গ্রাহকেরা ২০১০-১১ অর্থবছরে তাঁদের হয়রানি ও সমস্যার যেসব অভিযোগ করেছেন, তার ২৪ শতাংশই বিভিন্ন ধরনের কার্ডকেন্দ্রিক।দেশটির ব্যাংকিং ন্যায়পালের বার্ষিক প্রতিবেদন থেকে এ পরিসংখ্যান পাওয়া গেছে। এতে দেখা যায়, ২০১০-১১ অর্থবছরে ন্যায়পালের কাছে মোট ৭১ হাজার ২৭৪টি অভিযোগ জমা পড়েছে। অবশ্য তার আগের বছর জমা পড়েছিল ৭৯ হাজার ২৬৬টি। সে হিসাবে মোট অভিযোগ কমেছে ১০ শতাংশ।কিন্তু মোট অভিযোগের মধ্যে কার্ডকেন্দ্রিক অভিযোগের অংশ আগেরবারের মতো অপরিবর্তিত রয়েছে। কার্ডকেন্দ্রিক অভিযোগের মধ্যে আছে: অবৈধ ক্রেডিট কার্ড, বিনা খরচে কার্ডসেবা দেওয়ার কথা বলে বার্ষিক মাশুল আদায়, কার্ডধারীর বিমা দাবি নিষ্পত্তি না হওয়া, ভুল বিল নিয়ে বিরোধ, এটিএম বুথ থেকে ঠিকমতো টাকা না পাওয়া ইত্যাদি।প্রতিবেদনে বলা হয়েছে, কার্ড নিয়ে গ্রাহকদের ভোগান্তির প্রধান কারণ হলো, তাঁরা প্রয়োজনের সময় কার্ড ইস্যুকারী ব্যাংকের কাছে পৌঁছাতে পারেন না। সাধারণত বিভিন্ন ব্যাংকের কলসেন্টারগুলোই কার্ডসংক্রান্ত অভিযোগ বা প্রশ্নগুলো নিয়ে থাকে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব কলসেন্টারের কর্মীরা কার্ডের বৈশিষ্ট্য সম্পর্কে সম্যকভাবে অবহিত নন। তাই সেখান থেকে গ্রাহকদের অভিযোগ বা প্রশ্নের সদুত্তর খুব কমই মেলে।তবে ‘অন্যান্য অভিযোগ’ শ্রেণীতে মোট অভিযোগের ২৯ শতাংশ জমা পড়েছে। এই অন্যান্য অভিযোগ বলতে দিনের নির্ধারিত কার্যঘণ্টা অনুসরণ না করা, চেক বা অর্থ জমা নিতে অস্বীকৃতি বা দেরিতে গ্রহণ, সরকার ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নির্ধারিত কর নিয়ে জটিলতা এবং ন্যায়সংগত আচরণ না করা। গ্রাহকেরা পেনশনসংক্রান্ত যেসব অভিযোগ দাখিল করেছেন, তা মোট অভিযোগের ছয় শতাংশ। একইভাবে শিক্ষা ও বিভিন্ন ধরনের ঋণ, চেক সংগ্রহ ও নিষ্পত্তি, দেরিতে প্রবাসী-আয় ছাড় ইত্যাদি অভিযোগ আছে মোট অভিযোগের ছয় শতাংশ।প্রতিবেদন থেকে আরও জানা যায়, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) ও এর সহযোগী ব্যাংকগুলোর গ্রাহকেরা মোট অভিযোগের ৩১ শতাংশ দাখিল করেছেন। জাতীয় ব্যাংকগুলোর গ্রাহকেরা করেছেন ২৯ শতাংশ অভিযোগ। বেসরকারি ব্যাংকগুলোর গ্রাহকদের অভিযোগ মোট অভিযোগের ২৪ শতাংশ। আর বিদেশি ব্যাংকের গ্রাহকদের অভিযোগ মোট অভিযোগের ১০ শতাংশ।