এক ছাদের নিচে আসবে ঢাকার ভূমি-সংক্রান্ত সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরের ভূমি-সংক্রান্ত সব সেবা মিলবে একই ছাদের নিচে। এ জন্য ১৪০ কোটি টাকা ব্যয়ে ২০ তলা ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ করা হবে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বর্তমান রেকর্ড ও জরিপ অধিদপ্তর প্রাঙ্গণে এ ভবন নির্মিত হবে। যেখানে থাকবে ভূমি-সংক্রান্ত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার (এককেন্দ্রিক সেবাকেন্দ্র)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গতকাল মঙ্গলবারের সভায় ভূমি ভবন নির্মাণ প্রকল্পটি অনুমোদন করা হয়। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা শহরের বিভিন্ন স্থানে ভূমি-সংক্রান্ত কার্যালয়গুলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ কারণে জনগণকে এসব সংস্থা থেকে সেবা পেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। তাই জনগণকে সহজে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা দিতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা হবে। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন মাসের মধ্যে ভবন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ভবন নির্মাণের কাজটি বাস্তবায়ন করবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তর।
একনেকের সভা শেষে গতকাল পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এ ধরনের সেবার জন্য ভবন নির্মাণ করা রাজধানীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এ ভবন নির্মাণ হলে জনগণের ভোগান্তি অনেক কমে আসবে।
এ সময় মন্ত্রী আরও জানান, গত এক বছরে একনেক সভায় ৯১ হাজার ৯৬৭ কোটি টাকার ১১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া ভূমি ভবন নির্মাণসহ গতকালের একনেক সভায় মোট ৭৫৯ কোটি ১২ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অন্য প্রকল্পগুলো হলো ১২৭ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প; ২৩১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে অংশীদারত্বমূলক পল্লি উন্নয়ন প্রকল্পের (পিআরডিপি) তৃতীয় পর্যায় বাস্তবায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে ১৭২ কোটি টাকা ব্যয়ে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের জন্য রাবার ড্যাম নির্মাণ প্রকল্প এবং অর্থনৈতিক ক্ষমতায়নে ৮৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন (তৃতীয় পর্যায়) প্রকল্প।
এ ছাড়া গতকালের একনেক সভায় বাংলাদেশের উন্নয়নকে জনগণের সামনে তুলে ধরার জন্য ১৪ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প অবহিত করা হয়। শো কেসিং বাংলাদেশ নামের এ প্রকল্পে দেশের গুরুত্বপূর্ণ স্থানে এলইডি বিলবোর্ডের মাধ্যমে সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো তুলে ধরা হবে। যেহেতু এটি ২৫ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্প, তাই একনেক সভায় অবহিত করলেই হয়। সভার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সভায় প্রধানমন্ত্রী এ প্রকল্পটির প্রশংসা করেছেন।