ঢাকাসহ দেশের ১৯টি জেলা শহরে আয়কর মেলা শুরু হয়েছে। ঢাকার মেলাটি রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সাত দিন চলবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ মেলার আয়োজন করেছে। মেলার প্রথম দিনেই বিপুলসংখ্যক করদাতা ও দর্শনার্থীর ভিড় পরিলক্ষিত হয়। গতকাল রোববার প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এ মেলার উদ্বোধন করেন। মেলায় করদাতারা বার্ষিক আয়কর বিবরণী জমা, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) গ্রহণ, অনলাইনে কর পরিশোধসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, সদস্য সৈয়দ আমিনুল করিম, এম এ কাদের সরকার, মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। এইচ টি ইমাম বলেন, এ দেশে অনেকে কর দিতে চান, কিন্তু কর প্রদান-প্রক্রিয়ার জটিলতার কারণে তাঁরা আর উৎসাহিত হন না। কর প্রদানসংক্রান্ত পরিপত্রগুলো আর সহজবোধ্য করা দরকার। এ ছাড়া কর আদায় শুধু একটি মিশন নয়, কর প্রদান নাগরিক কর্তব্যও। এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, এবারের আয়কর মেলায় এক লাখ করদাতাকে ওয়ান স্টপ সেবা প্রদান করা হবে। মেলায় এসে একজন করদাতা আয়কর বিবরণী জমা, আয়করের অর্থ পরিশোধ করতে পারবেন। এ ছাড়া তাৎক্ষণিকভাবে টিআইএন গ্রহণ ও নিজেদের কর অধিক্ষেত্র জানতে পারবেন। তিনি জানান, ভবিষ্যতে উপজেলা পর্যায়ে করমেলার আয়োজন করা হবে। মেলা: এবারের মেলায় ১৫৯টি স্টল রয়েছে। এর মধ্যে কিছু স্টলে নতুন টিআইএন দেওয়া হচ্ছে। আবার কিছু স্টলে আয়কর বিবরণী জমা নেওয়া হচ্ছে। আর আয়কর বিবরণী তৈরি বা টিআইএন ফরম পূরণে সহায়তা করার জন্য রয়েছে বেশ কিছু ‘সহায়তাকারী ডেস্ক’। এর বাইরে যাঁরা আয়কর বিবরণী জমা দেবেন, আবার করের অর্থও পরিশোধ করবেন, তাঁরাও এ সুযোগ পাবেন। মেলায় সোনালী ও জনতা ব্যাংকের বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। এই দুটি ব্যাংকের বুথ থেকে চালান কিংবা পে-অর্ডারের মাধ্যমে করের অর্থ পরিশোধ করা যাবে। এ ছাড়া যাঁরা অনলাইনে আয়কর বিবরণী জমা ও করের অর্থ পরিশোধ করতে চান, তাঁদের জন্য ই-পেমেন্টের বিশেষ স্টল রয়েছে। মেলায় আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পার্থ সঞ্জয় জানান, মেলায় এসেছেন টিআইএন নিতে, এরপর তিনি আয়কর বিবরণী জমা দেবেন। পুরো বিষয়টি জানার জন্য তিনি মেলায় এসেছেন।