এক ছাদের নিচে পোশাক ও বস্ত্র খাতের যন্ত্রপাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বস্ত্রযন্ত্র প্রদর্শনীর একটি অংশ
বস্ত্রযন্ত্র প্রদর্শনীর একটি অংশ

এমব্রয়ডারি মেশিন বিরামহীন চলছে, কাপড়ের ওপর কারুকাজ হচ্ছে। পাশেই আবার গেঞ্জির কাপড় তৈরির কাজ চলছে। স্ক্রিন প্রিন্টের মেশিনগুলোও বসে নেই। ডায়িং ও ওয়াশিংয়ের দৈত্যাকার যন্ত্রগুলো চলছে থেমে থেমে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এখন যেন পুরোটাই একটা বড়সড় কারখানা। কারণ, গতকাল বুধবার এখানে শুরু হয়েছে পোশাক ও বস্ত্র খাতের যন্ত্রপাতির সবচেয়ে বড় প্রদর্শনী। এতে হাজির হয়েছে বাংলাদেশসহ ৩১ দেশের ৮৫০ প্রতিষ্ঠান। স্টলের সংখ্যা এক হাজার ২০।
মেলায় জাপানের সিমা সিকি ব্র্যান্ডের সোয়েটার তৈরির যন্ত্র প্রদর্শন করছে বাংলাদেশি এজেন্ট প্যাসিফিক অ্যাসোসিয়েটস। ইনতাশিয়া ও জেকার্ড নামে তাদের দুই ধরনের সোয়েটার নিটিং যন্ত্র আছে। প্রথমটি দিয়ে ৩১ ও পরেরটি দিয়ে ৯ রঙের সোয়েটার তৈরি করা যায় খুব সহজে। আকারভেদে এগুলোর দাম ৩০ থেকে ৫৫ হাজার মার্কিন ডলার।
প্যাসিফিকের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী সৈয়দ শওকত আজিজ জানান, গতবারের প্রদর্শনীতে তাঁরা ১৫০টি যন্ত্র বিক্রির কার্যাদেশ পেয়েছেন। সব মিলিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান গত চার বছরে প্রতিষ্ঠানটি থেকে প্রায় দুই হাজার যন্ত্র কিনেছে।
প্রদর্শনীটি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসো-সিয়েশন (বিটিএমএ), তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল ও হংকংয়ের ইয়োর্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি সম্মিলিতভাবে আয়োজন করছে। ডিটিজি নামে পরিচিত এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের উদ্যোক্তাদের পরিচয় ঘটানো ও স্থানীয়ভাবে সংগ্রহ করা।
গতকাল চার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি তাঁর বক্তব্যে বলেন, রাজনৈতিক বিভক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এটা টোটালি রাবিশ। তবে ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে সংকট থেকে মুক্তি পেয়েছে দেশে।
অর্থমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক বিভাজন ও জমির সংকট অর্থনৈতিক উন্নয়নের বড় বাধা। জমির সংকট সমাধানে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল করার কাজ চলছে। তবে প্রতিকূলতার মধ্যেও বিগত পাঁচ বছরে দেশের অর্থনীতির ক্ষেত্র দ্বিগুণ হয়েছে। শিগগিরই বস্ত্র খাতের উদ্যোক্তাদের জন্য সরকারের ঘোষিত প্রণোদনা ছাড় করা হবে বলেও জানান তিনি।
১১তম ডিটিজির উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন, ইয়োর্কার্সের ব্যবস্থাপনা পরিচালক টাইগার লিং।