এক ছাদের নিচে বাণিজ্য ও পর্যটন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে গতকাল বুধবার শুরু হওয়া নবম আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলার একটি স্টল l প্রথম আলো
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে গতকাল বুধবার শুরু হওয়া নবম আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলার একটি স্টল l প্রথম আলো

এশিয়ার বিভিন্ন দেশের রকমারি সব পণ্য ও পর্যটন-সংক্রান্ত সেবা নিয়ে পাঁচ দিনব্যাপী মেলা শুরু হয়েছে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে।
‘নবম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলা’ শীর্ষক এই আয়োজনে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমার, ভুটান, মালয়েশিয়া, ভিয়েতনাম অংশ নিয়েছে। মেলায় প্রায় ১০০ প্রতিষ্ঠানের স্টল রয়েছে। বাণিজ্যিক পণ্যের পাশাপাশি এই মেলায় আছে দেশে-বিদেশে বেড়াতে আগ্রহীদের জন্য আলাদা আয়োজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম গতকাল বুধবার সেমস গ্লোবাল আয়োজিত এ মেলার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত¦সভাপতি হুমায়ুন রশিদ, ভারতের পিএইচডি চেম্বারের সহসভাপতি গোপাল এস জিয়োরাজকা।
ঈদের ছুটিতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভুটানে বেড়াতে যাওয়ার বিশেষ প্যাকেজ নিয়ে মেলায় এসেছে অ্যামেজিং ট্যুরস। প্রতিষ্ঠানটির এক বিপণন কর্মকর্তা জানালেন, জনপ্রতি ৭২ হাজার টাকায় ইন্দোনেশিয়ার বালি ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে মোট পাঁচ দিন ভ্রমণের প্যাকেজ আছে তাঁদের।
জাস্ট হলিডেজ নামের আরেকটি প্রতিষ্ঠান জানায়, চীনের বিভিন্ন প্রদেশ ও শহরে তিন থেকে ছয় দিন ঘুরে আসতে খরচ পড়বে ৪৮ হাজার থেকে ৬২ হাজার টাকা।
প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, প্রদর্শনীতে দর্শনার্থীরা শুধু পণ্য দেখেন না, পণ্য সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারেন। আর মেলায় বিভিন্ন দেশের কোম্পানিগুলো তাদের উৎপাদিত পণ্যসামগ্রী প্রসারের সুযোগ পায়।
মাতলুব আহমাদ বলেন, পণ্য আমদানি ও রপ্তানি সমস্যার সমাধানে এফবিসিসিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। এ ক্ষেত্রে সরকারকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।
মেলায় সাপের খেলা, বানরের নাচ, ভাগ্য গণনা, পুতুল নাচ, পিঠা, বায়োস্কোপ, দেশীয় খাবার, কারুপণ্য ও আদিবাসী জীবনধারার উপকরণসহ নানা লোকজ সংস্কৃতিভিত্তিক আয়োজনও রয়েছে।