এক জাহাজে চার মাসের চাহিদার ছোলা আমদানি
ছোলা আমদানি হয় সাধারণত কনটেইনারে করে। পুরো জাহাজে খোলা আকারে (বাল্ক) ছোলা আমদানির নজির কম। সাধারণত রোজার আগে ছোলা আমদানি হয় ব্যাপক হারে। তবে এবার চাহিদা কম থাকার সময়ে চট্টগ্রাম বন্দর দিয়ে এক জাহাজ ছোলা আমদানি করেছেন চট্টগ্রামের একটি ব্যবসায়ী গ্রুপ।বন্দর সূত্রে জানা গেছে, ছোলাভর্তি এমভি এক্সিল্যান্ট পেসকাডোরেস জাহাজটি বন্দরে ভিড়ে গত ২০ ডিসেম্বর। এই জাহাজে ছোলা আমদানি হয়েছে ১৬ হাজার ৫০০ মেট্রিক টন। বাজারমূল্যে এই পরিমাণ ছোলার দাম প্রায় ১০০ কোটি টাকার বেশি। জাহাজটি থেকে ছোলা খালাস শেষে ১ জানুয়ারি এটি বন্দর ত্যাগ করেছে।কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিএসএম গ্রুপ এই ছোলা আমদানি করেছে। গ্রুপের চেয়ারম্যান ও মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রোজার আগে বিশ্ববাজারে ছোলার দাম বেশি থাকে। কিন্তু অস্ট্রেলিয়াতে নভেম্বর-ডিসেম্বর মাসে ছোলার মৌসুমে দাম থাকে কম। এ সময় ছোলার গুণগত মানও ভালো পাওয়া যায়। দামও সাশ্রয় থাকে। এ কারণে একসঙ্গে এক জাহাজ ছোলা আমদানি করেছি।কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, গত অর্থবছর আমদানিমূল্যে ছোলার বাজারের আকার ছিল প্রায় ৭৩১ কোটি টাকা। এই পরিমাণ ছোলা আমদানি করেছে ৮৩টি প্রতিষ্ঠান। আবার সারা দেশে ছোলার চাহিদার ৮৮ শতাংশ আমদানি করেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তবে গুটিকয়েক প্রতিষ্ঠানই সিংহভাগ আমদানির মাধ্যমে দেশে ছোলার চাহিদা পূরণ করে। চট্টগ্রামের আমদানিকারক থেকে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে সারা দেশে ছোলা সরবরাহ হয়।কাস্টম হাউসের হিসাবে দেখা গেছে, সাধারণত রোজার আগের কয়েক মাস ছোলা আমদানি হয় বেশি। রোজা ছাড়া বছরের অন্য সময়ে প্রতি মাসে গড়ে চার হাজার টন ছোলার চাহিদা থাকে। যেমন গত অক্টোবর ও নভেম্বরে গড়ে চার হাজার টন করে ছোলা আমদানি হয়েছে। এই হিসাবে এক জাহাজ ছোলা দিয়ে অন্তত সারা দেশে চার মাসের ছোলার চাহিদা পূরণ করা সম্ভব। খুচরা বিক্রেতারা জানান, রোজার সময় প্রতি কেজি ছোলা ৭৮-৮০ টাকায় বিক্রি হয়। এখন কেজিপ্রতি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।কাস্টম হাউস ও ব্যবসায়ী সূত্র জানায়, গত অর্থবছর বাংলাদেশে আমদানি হওয়া ছোলার ৯০ শতাংশ এসেছে অস্ট্রেলিয়া থেকে। মিয়ানমার ও ইথিওপিয়া থেকে আমদানি হয়েছে সামান্য পরিমাণ ছোলা। দেশে ছোলা আমদানির মূল উৎস অস্ট্রেলিয়া। এ কারণে সেখানকার উৎপাদন ও মূল্যের দিকে নজর থাকে ব্যবসায়ীদের।