এক ট্রিলিয়ন ডলার জোগান দেবে ডিজিটাল অর্থনীতি
ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতি আগামী ১০ বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ার (আসিয়ান) দেশগুলোর মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি মার্কিন ডলার যোগ করতে পারে। আসিয়ান অঞ্চলে ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ তুলে ধরে ‘আসিয়ান ডিজিটাল রেভল্যুশন’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মালয়েশিয়ার টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদের সঙ্গে যৌথভাবে প্রকাশিত এ প্রতিবেদনটি তৈরি করেছে বহুজাতিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান এ টি কার্নি। বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর রবির মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান হলো আজিয়াটা গ্রুপ বারহাদ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে বিশ্বের শীর্ষ পাঁচ ডিজিটাল অর্থনীতির একটি হতে পারে আসিয়ান। প্রতিবেদনে নীতিগত যেসব পদক্ষেপ টেলিযোগাযোগ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে, সেগুলো তুলে ধরা হয়েছে। আসিয়ান অঞ্চলের সম্মিলিত জিডিপির পরিমাণ ২ লাখ ৫০ হাজার কোটি ডলার ও বার্ষিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশ।
প্রতিবেদনটির অন্যতম লেখক ও এটি কার্নির কর্মকর্তা নবীন মেনন বলেন, ‘বাজারের আকার ও প্রবৃদ্ধির সম্ভাবনার দিক থেকে আসিয়ানের মতো সম্ভাবনাময় অঞ্চল কমই আছে, বিশেষ করে যখন ডিজিটাল অর্থনীতির প্রশ্নটি সামনে আসে। এ অঞ্চলের অর্ধেকের বেশি জনসংখ্যার বয়স ৩০ বা তার কম। আর তাদের মধ্যে প্রযুক্তির প্রতি ঝোঁক বেশি। ডিজিটাল অর্থনীতিতে আগামীতে এই গ্রাহকেরা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রতিবেদনে ডিজিটাল অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্য বাস্তবায়নে পুরো অঞ্চলভিত্তিক ডিজিটাল কর্মকৌশল তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি বাজারে চারটির বেশি মোবাইল ফোন অপারেটর না থাকার বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এ ছাড়া ব্রডব্যান্ড ও ইন্টারনেট সেবার প্রসারে আসিয়ানভুক্ত দেশের প্রতিটি মোবাইল অপারেটরের জন্য ২০ মেগাহার্টজ বাড়তি তরঙ্গ প্রাপ্তি নিশ্চিত করার পরামর্শও দেওয়া হয়েছে। মুঠোফোনভিত্তিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুরুতে দেশভিত্তিক ও পরবর্তী সময়ে আসিয়ানভিত্তিক ডিজিটাল পাওনা পরিশোধ ব্যবস্থা তৈরিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে। ডিজিটাল অর্থনীতির প্রতি আস্থা ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিতে পুরো অঞ্চলে সাইবার নিরাপত্তা, তথ্যনিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইনের মধ্যে সমন্বয়ের নিশ্চিতের বিষয়টিও প্রতিবেদনে এসেছে।
আজিয়াটার প্রেসিডেন্ট ও গ্রুপ প্রধান নির্বাহী জামালউদ্দিন ইব্রাহিম বলেন, ‘উদ্ভাবনী পণ্য ও সেবার মাধ্যমে আসিয়ানের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে মোবাইল নেটওয়ার্ক অপারেটররা প্রস্তুত। তবে ডিজিটাল অর্থনীতি গড়তে ও গণমানুষের মধ্যে প্রযুক্তিটির ব্যবহার বৃদ্ধির জন্য সরকারি লক্ষ্য এবং শিল্পের সমন্বয়সহ প্রয়োজনীয় নীতিমালা ও জোরালো ডিজিটাল এজেন্ডা প্রয়োজন।’