এক দরজায় মিলবে ১৬ সংস্থার সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রস্তাবিত ওয়ান স্টপ সার্ভিস আইন পাস হলে বিনিয়োগকারীরা ১৬ সংস্থার সেবা এক দরজা বা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে পাবেন। এ জন্য তাঁদের আলাদাভাবে অন্য কোনো সংস্থায় যেতে হবে না। আর এক দরজা থেকে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় কমপক্ষে ১২ ধরনের সেবা মিলবে; যার মধ্যে প্রায় সব ধরনের অনুমতি, সেবা সংযোগ, বাংলাদেশের ভিসা, কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট, লাভ ও মূলধন ফেরত নেওয়া ইত্যাদি রয়েছে।
এসব বিধান সংযুক্ত করে ‘ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৭’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে বর্তমানে প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। খুব শিগগির আইনটি মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে পাস হবে বলে জানা গেছে।
চূড়ান্ত খসড়ায় উল্লেখ আছে, এই আইনের অধীনে কোনো সেবা, ছাড়পত্র, লাইসেন্স, অনুমতি প্রদানের ক্ষেত্রে আপাতত বলবৎ অন্য কোনো আইন বা আইনের বিধান অসামঞ্জস্যপূর্ণ হলে সংশ্লিষ্ট আইনের অসামঞ্জস্যপূর্ণ অংশ অকার্যকর হবে। ওয়ান স্টপ সার্ভিস আইন সেখানে কার্যকর বলে গণ্য হবে।
খসড়া ওয়ান স্টপ সার্ভিস আইনের তফসিল খ-তে এই আইনের অধীনে সেবা প্রদানকারী ১৬টি সংস্থার তালিকা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, নিরাপত্তা ও বহির্গমন অনুবিভাগ, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়, গ্যাস সরবরাহের সংশ্লিষ্ট প্রতিনিধি, পূর্ত নির্মাণকাজের অনুমোদনকারী প্রতিষ্ঠান, পরিবেশ অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, পণ্যসংক্রান্ত অ্যাসোসিয়েশন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ওয়াসা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ প্রাইভেট এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি এবং আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়।
এসব সংস্থা অর্থনৈতিক অঞ্চলের ভূমি নির্বাচনের অনুমতি, অর্থনৈতিক অঞ্চল ঘোষণা, বিভিন্ন অনুমোদন, সার্টিফিকেট অব অরিজিন বা উৎস দেশের সনদ, মূলধন ও লভ্যাংশ ফেরত নেওয়ার অনুমোদন, রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট ভিসা, কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট, নির্মাণের অনুমোদন, হাইটেক পার্কের ভূমি নির্বাচনের অনুমতি, প্লট বরাদ্দ বা ইজারা, পানি, গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ, যেকোনো প্রকারের আইনগত দলিল এবং এ ছাড়া সরকার ঘোষিত অন্য কোনো সেবা দেবে।
প্রথম ওয়ান স্টপ সার্ভিস আইনের উদ্যোগ নেওয়া হয় ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের দ্বিতীয় সভায়। সংস্থাটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। ওই সভায় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এমন একটি আইনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তখন আইনটি করার প্রাথমিক সম্মতি দেওয়া হয়। তবে পরের বোর্ড সভায় আইনের বদলে একটি নীতিমালা করলেই হবে বলে আলোচনা হয়। গত বছরের ২৭ জুলাই চতুর্থ বোর্ড সভায় বেজার তাগিদে নীতিমালার বদলে আবার আইন করার অনুমোদন দেওয়া হয়।
বেজার প্রস্তাব ছিল, আইনটি শুধু অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের জন্য করা হবে। নাম হবে ‘বাংলাদেশ ইকোনমিক জোনস (ওয়ান স্টপ সার্ভিসেস) অ্যাক্ট, ২০১৬’। তবে পরে তা সবার জন্য করার সিদ্ধান্ত হয়। এতে আপাতত বেজা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে অন্য সংস্থাকে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
এ ধরনের একটি আইন করতে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেও তাগিদ এসেছে। জাপান ও চীন বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল করছে। জাপানের বড় বিনিয়োগকারীরা এবং চীনের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য চীন সরকার মনোনীত প্রতিষ্ঠান মনে করে যে আইন ছাড়া বাংলাদেশে জাপান ও চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি আকৃষ্ট করা কঠিন হবে। এর আগে দেশে-বিদেশে বিভিন্ন সেমিনারে বিনিয়োগকারীরা ওয়ান স্টপ সার্ভিস আইন করার তাগিদ দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে আইনটির প্রেক্ষাপটসংক্রান্ত একটি প্রতিবেদনে।
জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা বিদেশি বিনিয়োগ নির্বিঘ্ন করতে চাই। তাই এ ধরনের একটি আইন যুক্তিসংগত। আমি মনে করি, এই আইন বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে এবং আমলাতন্ত্রের মানসিকতা উন্নতির ক্ষেত্রে তা সহায়ক হবে।’
খসড়া ওয়ান স্টপ সার্ভিস আইনের ৯ ধারায় উল্লেখ করা হয়েছে, এখনকার কোনো আইনে যা-ই বলা হোক না কেন, কোনো ব্যক্তি এই আইনের অধীনে কাজের ক্ষেত্রে অবহেলা করলে এবং সে কারণে বিনিয়োগকারীর কোনো আবেদন নির্ধারিত সময়ে নিষ্পত্তি করা না গেলে তা ‘কার্য অসদাচরণ’ হিসেবে গণ্য হবে। তবে ‘সরল’ বিশ্বাসে কোনো কিছু করা হয়েছে বিবেচিত হলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না।
এই আইনের অধীনে বিডা, বেজা, বেপজা ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের জন্য চারটি আলাদা বিধিমালা হবে। এতে কোন সংস্থা কত দিনে সেবা দেবে, তা উল্লেখ থাকবে। সংস্থার প্রধান নির্বাহী ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের প্রধান নির্বাহী হিসেবে গণ্য হবেন।