
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এক দরজায় সব সেবা নিশ্চিতে এবার আইন করতে যাচ্ছে সরকার। আইনটি হলে সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্ধারিত সময়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে বিনিয়োগকারীদের দেওয়া আবেদন নিষ্পত্তি করতে বাধ্য থাকবে।
বর্তমানে বিনিয়োগ বোর্ডে (বিওআই) ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ আছে। তবে সেটি কার্যকর নয়। অভিযোগ আছে, সেখানে কোনো আবেদন পড়লে সংশ্লিষ্ট সংস্থাগুলো গুরুত্ব দেয় না। ফলে বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের বদলে আবার আলাদাভাবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছেই যেতে হয়।
‘ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট’ নামে প্রস্তাবিত আইনটির একটি খসড়া করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
এদিকে গত ২৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বেজার গভর্নিং বোর্ডের সভায় আইন করার নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, আইন না হলে সংশ্লিষ্ট সংস্থাগুলো এক দরজা থেকে সব সেবা দেওয়ার বিষয়টি মানতে চায় না। তিনি বলেন, মিয়ানমারে এ ধরনের একটি ব্যবস্থা চালু করে দুর্নীতিমুক্তভাবে বিনিয়োগকারীদের সেবা দেওয়া হচ্ছে। তাহলে বিনিয়োগ সেখানে না গিয়ে বাংলাদেশে কেন আসবে।
মিয়ানমার ছাড়াও বাংলাদেশের প্রতিযোগী প্রায় সব দেশেই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আছে। এ ব্যবস্থায় একটি বিনিয়োগ প্রস্তাবের বিভিন্ন পর্যায়ে লাইসেন্স ছাড়পত্র ও অনুমোদন দানকারী সংস্থাগুলোর প্রতিনিধিরা এক জায়গায় জড়ো হন। বিনিয়োগকারীরা আলাদাভাবে ওই সব সংস্থায় যাওয়ার বদলে একটি সংস্থায় গিয়ে সব লাইসেন্স, অনুমোদন বা ছাড়পত্র পান।
বেজা গত বছর প্রাইস ওয়াটারহাউস কুপারসকে (পিডব্লিউসি) দিয়ে বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের ওপর একটি প্রতিবেদন তৈরি করিয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়, এ দেশে ব্যবসা শুরু করতে হলে বিনিয়োগকারীকে বিভিন্ন সংস্থা ও কর্তৃপক্ষ থেকে প্রায় ১৭টি অনুমোদন/ছাড়পত্র নিতে হয়। বেশির ভাগ ক্ষেত্রেই এসব অনুমোদন/ছাড়পত্র নির্ধারিত সময়ে দেওয়া হয় না।
ব্যবসা করার এ জটিলতার কারণে বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করা সংক্রান্ত সূচকে বাংলাদেশের অবস্থান একেবারেই নিচের দিকে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পেছনে আছে কেবল আফগানিস্তান।
২০১৬ সালের সহজে ব্যবসা করা সংক্রান্ত সূচকে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশ ১৭৪তম অবস্থান পেয়েছে। এ ক্ষেত্রে চলতি বছর দুই ধাপ অবনতিও হয়েছে। বাংলাদেশের প্রতিযোগী মালয়েশিয়ার অবস্থান ১৮তম, থাইল্যান্ডের ৪৯তম, ভিয়েতনামের ৯০তম ও ভারতের ১৩০তম। এমনকি পাকিস্তানও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে, তাদের অবস্থান ১৩৮তম।
দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অনেক বছর ধরেই বাংলাদেশে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’-এর মাধ্যমে এক দরজা থেকে সব সেবা দেওয়ার ব্যবস্থা চালু করার অনুরোধ জানিয়ে আসছিলেন। বিনিয়োগ বোর্ড ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালুও করেছিল।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ প্রথম আলোকে বলেন, বিনিয়োগ বোর্ডের ওয়ান স্টপ সেন্টার কেবল কাগজে ছিল, দুর্ভাগ্যজনকভাবে সেটি কখনোই কার্যকর ছিল না। ঠাট্টা করে অনেকে একে ‘ফুলস্টপ সেন্টার’ বলে। তিনি আরও বলেন, সম্প্রতি তাঁর সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুর সঙ্গে কথা হয়েছে। দুজনেই বলেছেন, বাংলাদেশে কোম্পানি নিবন্ধন থেকে শুরু করে একটি প্রতিষ্ঠান চালুর জন্য যে সহায়তা প্রয়োজন, তা কোনো সংস্থা থেকেই পাওয়া যায় না।
২০৩০ সাল নাগাদ সরকার দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে। এসব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও তদারকির জন্য বেজা গঠন করা হয়েছে।
বেজা জানিয়েছে, তারা বিনিয়োগকারীদের কার্যকরভাবে এক দরজা থেকে সেবা দিতে ওয়ান স্টপ সার্ভিস চালু করবে। এ জন্য ‘বাংলাদেশ ইকোনমিক জোন ওয়ান স্টপ সার্ভিস’ বিধিমালার খসড়া তৈরি করা হয়েছে। তবে বেজার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার যাতে বিনিয়োগ বোর্ডের মতো অকার্যকর না হয়, সে জন্যই এই আইন করার উদ্যোগ।
পবন চৌধুরী বলেন, আইন হলে বেজার ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে সংশ্লিষ্ট সব সংস্থার কর্মকর্তারা থাকবেন। তখন বিনিয়োগকারীরা এক দরজা থেকে সব সেবা পাবেন।