এক দরজায় সেবা ছয় মাসের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আগামী ছয় মাসের মধ্যে এক দরজায় সব সেবা বা ওয়ান স্টপ সার্ভিস চালু করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সরকার এ সেবা নিশ্চিত করতে যে ওয়ান স্টপ সার্ভিস আইন করতে যাচ্ছে, তা জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনের পরের অধিবেশনে পাস হবে। অন্যদিকে এক দরজায় সব সেবা দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করছে বিডা।
বিশ্বব্যাংক গোষ্ঠীর সহজে ব্যবসা সূচক বা ইজ অব ডুইং বিজনেসে বাংলাদেশের অবস্থান উন্নত করতে নেওয়া সংস্কার উদ্যোগের হালনাগাদ পরিস্থিতি নিয়ে এক সেমিনারে এসব কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। তিনি বলেন, সংস্কার উদ্যোগের কারণে আগামী অক্টোবরে বিশ্বব্যাংক যে ডুইং বিজনেস সূচক প্রকাশ করবে, তাতে বাংলাদেশের অবস্থানে কিছুটা উন্নতি হতে পারে। তবে এসব সংস্কারের বড় ইতিবাচক প্রভাব পড়বে ২০১৮ সালের সূচকে। তখন বাংলাদেশ বেশ উন্নতি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সূচকে বাংলাদেশের অবস্থান ১৮৯টি দেশের মধ্যে ১৭৬তম। আগামী পাঁচ বছরের মধ্যে সরকার এ সূচকে দুই অঙ্কে, অর্থাৎ ৯৯তম অবস্থানের নিচে আসতে চায়।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বুধবার বিডা আয়োজিত ওই সেমিনারে অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং লেজিসলেটিভ ও সংসদ-বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক।
অনুষ্ঠানে ডুইং বিজনেসে উন্নতির জন্য বিভিন্ন বিভাগ ও সংস্থা তাদের সংস্কারের উদ্যোগগুলো তুলে ধরে। এতে বিদ্যুৎ বিভাগের পরিচালক (বাণিজ্যিক) আমজাদ হোসেন জানান, তাঁরা বিদ্যুৎ-সংযোগ দেওয়ার প্রক্রিয়ায় ধাপসংখ্যা কমিয়ে পাঁচে এনেছেন। আবাসিক গ্রাহকের ক্ষেত্রে ৭ দিনের মধ্যে ও ভারী বিদ্যুতের ক্ষেত্রে ২৮ দিনের মধ্যে সংযোগ দেওয়া হচ্ছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মোশারফ হোসেন বলেন, বিনিয়োগকারীদের সহায়তা দেওয়ার জন্য তাঁরা প্রধান কার্যালয় ও আটটি অঞ্চলে হেল্প ডেস্ক প্রতিষ্ঠা করেছেন। সঠিক সময়ে সেবা নিশ্চিত করতে একজন সদস্যের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়েছে। তিনি বলেন, নির্মাণকাজের অনুমতি-সংক্রান্ত সেবা আগে বিধি অনুযায়ী ১৫০ দিনে দিতে হতো, এখন সেটা কমিয়ে ৬০ দিন করা হয়েছে। এ জন্য রাজউকের কার্যক্রম স্বয়ংক্রিয় বা অটোমেটেড করা হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব আজিজুর রহমান বলেন, সহজে ও দ্রুত সেবা নিশ্চিত করতে কাস্টমস অ্যাক্ট সংস্কার, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু, বন্দরে পণ্য যাচাইয়ের স্ক্যানার কেনা, বন্ড ব্যবস্থাপনা অটোমেটেড করা, পণ্য আসার আগেই খালাসের দাপ্তরিক কাজ এগিয়ে রাখাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামী জুলাই থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন বাস্তবায়িত হবে। এতে নিবন্ধন, কর দেওয়া, রিটার্ন দাখিল—এসব কাজ সহজ হয়ে যাবে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ নাজমুল হাসান বলেন, শিল্পের শ্রেণিভেদে ৭ থেকে ৩০ দিনের মধ্যে পরিবেশ ছাড়পত্র দেওয়া হচ্ছে।
লেজিসলেটিভ ও সংসদ-বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক জমি নিবন্ধন ও নামজারির প্রক্রিয়া এক দিনে করা, বিকল্প বিরোধ নিষ্পত্তি ও মধ্যস্থতার ব্যবস্থা, কোম্পানি আইন সংস্কারসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের নেওয়া সংস্কার উদ্যোগগুলো তুলে ধরে গভর্নর ফজলে কবির বলেন, কেন্দ্রীয় ঋণ তথ্য ব্যুরোতে এখন শুধু খেলাপির চিত্র পাওয়া যায়। ভবিষ্যতে কোম্পানির ঋণমানও থাকবে। এতে কোম্পানি বিভিন্ন সেবা বিল পরিশোধ করেছে কি না, তা-ও অন্তর্ভুক্ত করার কাজ চলছে।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের জবাব দেন এসডিজি-বিষয়ক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, গ্যাসের সংযোগ দেওয়ার বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, দ্রুত ব্যাপকভাবে সংযোগ দেওয়া শুরু হবে। এর কারণ হলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আসছে। ফলে গ্যাস-সংযোগ পাওয়া সহজ হবে। তিনি আরও বলেন, সেবা দেওয়ার প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে কোন মন্ত্রণালয় বা সংস্থা পিছিয়ে আছে, তা পর্যবেক্ষণে রাখা হবে। এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বিডাকে অনুরোধ করেন তিনি।
আবুল কালাম আজাদ গতকালের অনুষ্ঠানে যেসব সরকারি সংস্থা নিমন্ত্রণ করার পরও আসেনি, তাদের তালিকা করার নির্দেশ দেন। পাশাপাশি যেসব বেসরকারি সংস্থা আসেনি, তাদের পরবর্তী অনুষ্ঠানে আসার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার কথা বলেন।
বিডার চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের সহজে ভিসা দিতে বিডার সুপারিশ অনলাইনে দেওয়া হবে। বিনিয়োগকারী যাতে ছয় মাসের জন্য ভিসা পান, সে সুপারিশ বিডা করেছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।