আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বলেছে, আগামী এক দশকে বিশ্বজুড়ে ৬০ কোটি মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করতে হবে। জেনেভা থেকে প্রেরিত আইএলওর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।আইএলও আরও বলেছে, তিন বছর ধরে বিশ্ব অর্থনীতির সংকটের নেতিবাচক প্রভাবে ইতিমধ্যে ২০ কোটি কর্মহীন মানুষের বোঝা রয়েছে। এর সঙ্গে বার্ষিক চার কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির চাহিদা মেটাতে হলে ১০ বছরে ৪০ কোটি লোকের জন্য নতুনভাবে কাজের সুযোগ তৈরি করতে হবে।গত মঙ্গলবার প্রকাশিত আইএলওর বার্ষিক প্রতিবেদনে এই পূর্বাভাস প্রদান করা হয়েছে। এবারের প্রতিবেদনের শিরোনাম হলো: ‘বৈশ্বিক কর্মসংস্থানের প্রবণতা-২০১২: কাজের সংকট গভীরতর হওয়ার প্রতিরোধকরণ।’আইএলএ বলছে, বর্তমান বিশ্বে ১১০ কোটির বেশি মানুষ বেকার অথবা দরিদ্রসীমার নিচে বাস করছে। এতে আরও বলা হয়েছে, দৈনিক মাথাপিছু আয় দুই ডলারের কম বিশ্বে এমন শ্রমিকের সংখ্যা এখন প্রায় ৯০ কোটি।আইএলওর মতে, তরুণেরাই অর্থনৈতিক সংকটের কারণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। ২০১১ সালে এসে তরুণদের (১৬-২৪ বছর) মধ্যে বেকারত্বের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৪৮ লাখে, যা কি না ২০০৭ সালের তুলনায় ৪০ লাখের কিছু বেশি।