এক দিন পর আবারও চাঙা পুঁজিবাজার
দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার সূচক ও লেনদেনে চাঙাভাব দেখা গেছে। দিনের লেনদেন শেষে দুই বাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকের উল্লম্ফন লক্ষ করা গেছে। একই সঙ্গে গতকাল মঙ্গলবার লেনদেন বেড়েছে দুই বাজারেই। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮৩ পয়েন্ট বেড়ে ৪৬৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে মোট ২৭৫টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৮টিরই দাম বেড়েছে, কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ১০৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩৮ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, বিএসসিসিএল, আরএন স্পিনিং, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, এমআই সিমেন্ট, কেয়া কসমেটিকস, বিইডিএল, বিএসআরএম স্টিল ও সায়হাম কটন।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩১৩ পয়েন্ট বেড়ে ১৪২১২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টিরই দাম বেড়েছে, কমেছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১১০ কোটি টাকার লেনদেন হয়েছে।