এক দিন পর আবারও দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন সূচকের উল্লম্ফনের পর আজ রোববার আবারও দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক ৪ দশমিক ৭৮ শতাংশ কমেছে আর অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪ দশমিক ২১ শতাংশ কমে গেছে। আর অব্যাহত দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা আজ ঝাড়ু মিছিল করেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৩৬.৫৮ পয়েন্ট কমে ৪৭০৯.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসই লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৫৫ পয়েন্ট বেড়েছিল। এর পর থেকে সূচক নিম্নমুখী হয়, যা সারা দিনই অব্যাহত থাকে।আজ ডিএসইতে মোট ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৬টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র সাতটির আর অপরিবর্তিত ছিল তিনটি প্রতিষ্ঠানের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৮৫ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি টাকার কম।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, এনবিএল, আরএন স্পিনিং, বিকন ফার্মা, সোস্যাল ইসলামী ব্যাংক যমুনা অয়েল, কেয়া কসমেটিকস ও ইউসিবিএল।আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৯৮.৯১ পয়েন্ট কমে ১৩৬০২.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টিরই দাম কমেছে। বেড়েছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি।এদিকে পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আজ ঝাড়ু মিছিল করেছেন বিনিয়োগকারী। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ডিএসইর সামনে এ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ চলাকালে ডিএসইর সামনের সড়কে যান চলাচল বন্ধ ছিল। যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।