এক দিন পর আবারও দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা আট দিন দরপতনের পর গত বৃহস্পতিবার এক দিন চাঙা থাকার পর আজ রোববার আবারও দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত বৃহস্পতিবার প্রায় সব কোম্পানির শেয়ারের দাম অনেক বেড়ে যায়। এ অবস্থায় আজ দিনের শুরুতে বাজার ভালো থাকায় বিনিয়োগকারীদের মধ্যে নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা দেয়, যা দরপতনের অন্যতম কারণ।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৩ পয়েন্ট কমে ৪১৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। আধা ঘণ্টায় সূচক গতকালের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। আজ ডিএসইতে মোট ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৩টিরই দাম কমেছে। বেড়েছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ স্টক এক্সচেঞ্জটিতে ৩১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২৪ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, বিএসসিসিএল, যমুনা অয়েল, আরএন স্পিনিং, আমরা টেকনোলজিস, এনবিএল, সায়হাম কটন, তিতাস গ্যাস, বেক্সিমকো প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের চেয়ে ১৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬৭৯ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫টিরই দাম কমেছে। বেড়েছে ২৮টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে এক কোটি টাকা কম।