এক দিন পর ঊর্ধ্বমুখী বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএসই
ডিএসই

গতকাল সোমবার নিম্নমুখী প্রবণতার পর আজ মঙ্গলবার সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। আজ লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে ৭১০ কোটি টাকার লেনদেন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৮৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক বাড়লেও দুপুর পৌনে ১২টার দিকে সূচক কমে ১৬ পয়েন্ট। এরপর আবারও বাড়তে থাকে সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২২১টির দাম বেড়েছে, কমেছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ ডিএসইতে ৭১০ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১০০ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৬১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ৬৪ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৯৩ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪২টির দাম বেড়েছে, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৬৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫৭ কোটি টাকার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল মোজাফফর হোসেন স্টিল মিলস। আজ এ প্রতিষ্ঠানের ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া কনফিডেন্স সিমেন্ট, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, মেঘনা পেট্রোলিয়াম, লংকাবাংলা ফিন্যান্স, অ্যাপোলো ইস্পাত, পদ্মা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউসিবিএল, গোল্ডেন সন প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।