এক দিন বন্ধ থাকার পর আবার হিলি স্থলবন্দরে কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন ধর্মঘটের কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।একজন কুলিশ্রমিক মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ট্রাক মালিক গ্রুপ ও ট্রাক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ তাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়। গতকাল শনিবার দুপুরে দিনাজপুর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে হাকিমপুর থানায় উপজেলা প্রশাসন, বন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি অপারেটর পানামা পোর্ট কর্তৃপক্ষ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং ট্রাক মালিক ও শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে হিলি স্থলবন্দরের পানামা হিলি পোর্টের ভেতর একটি বাংলাদেশি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১১-২৯০৭) চাপায় নওশাদ হোসেন (৪২) নামে একজন কুলিশ্রমিক নিহত হন। এ কারণে স্থানীয় ট্রাক মালিক গ্রুপ ও ট্রাক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ নিহত শ্রমিকের জন্য ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এদিকে হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের উপদেষ্টা মো. কামাল হোসেন বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন যে পানামা পোর্টের অদক্ষতা ও অব্যবস্থাপনার কারণে ট্রাকের চাপায় নওশাদ হোসেন নামে এক কুলিশ্রমিক নিহত হন। ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন প্রথম আলোকে বলেন, বন্দরের সব কার্যক্রম সচল রাখতে পানামা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান, শ্রমিকদের মধ্যে শৃঙ্খলা ফিরে আনা, অপ্রাপ্ত বয়স্ক চালক ও হেলপার দিয়ে ট্রাক না চালানো, রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে না রাখা এবং বন্দরের যেকোনো সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবগত করার সিদ্ধান্ত হয়। দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই পোর্ট (স্থলবন্দর) আমাদের। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’