এক দিনে চিনির দাম কমেছে আট টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের এক দিন পর খাতুনগঞ্জে পাইকারি বাজারে প্রতি কেজিতে চিনির দাম কমেছে ৮ টাকা। ৫৮ টাকার চিনি গতকাল বৃহস্পতিবার বিক্রি হয় ৫০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, প্রশাসনের নির্দেশে তাঁরা এ দামে চিনি বিক্রি করছেন।

গত বুধবার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাইকারি বিক্রিতে কারসাজি করায় মীর আহমেদ সওদাগর ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও বিক্রয় ব্যবস্থাপক জানে আলমকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি প্রতি কেজি চিনি ৪৬ টাকায় কিনে পাইকারি বাজারে ৫৮ টাকা দরে বিক্রি করছিল।

গতকাল খাতুনগঞ্জে গিয়ে দেখা যায়, মীর আহমেদ সওদাগর ট্রেডার্সসহ খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা ৫০ টাকা দরে চিনি বিক্রি করছেন। মীর আহমেদ সওদাগর ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসন ৫০ টাকা দরে চিনি বিক্রি করার নির্দেশনা দিয়েছে। তাই সে দরে বিক্রি করছি। লাভ-ক্ষতি কপালে যা থাকে, তা হবে।’

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, পাইকারি ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাঁরা তিন-চার টাকার বেশি লাভ না করেন।

এদিকে পাইকারি বাজারে দাম কমায় খুচরা বাজারে প্রতি কেজিতে চিনির দাম কমেছে ৩ টাকা।