এক দিনে ৫০০ টাকার বেশি রিচার্জ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিপেইড সংযোগে মুঠোফোন গ্রাহকেরা এখন থেকে দিনে সর্বোচ্চ ৫০০ টাকার বেশি রিচার্জ করতে পারবেন না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত সোমবার এ নির্দেশনা জারি করেছে।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের এ নির্দেশনায় বলা হয়েছে, ‘একজন প্রিপেইড গ্রাহক তাঁর মুঠোফোনে সর্বোচ্চ ৫ হাজার টাকার ব্যালেন্স রাখতে পারবেন। আর এক দিনে সর্বোচ্চ ৫০০ টাকা রিচার্জ করতে পারবেন।’
নির্দেশনায় বলা হয়েছে, একটি প্রিপেইড সংযোগ থেকে মাসে সর্বোচ্চ ১ হাজার টাকা, আর এক দিনে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার বা স্থানান্তর করা যাবে। এত দিন এক দিনে সর্বোচ্চ ১০০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা বা অন্যকে দেওয়া যেত। পোস্ট-পেইড গ্রাহকদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে না বলে বিটিআরসি জানিয়েছে।
দেশের সব মোবাইল অপারেটরদের প্রিপেইড রিচার্জের নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে ২০০৮ সালে প্রিপেইড রিচার্জের ব্যাপারে নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। ওই নির্দেশনায় একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা রিচার্জ করার নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। তবে প্রতিদিনের রিচার্জ সীমা নির্ধারণ করা ছিল না। এবারে তা করা হলো।
জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘অবৈধ ভিওআইপি কমানোর উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ ভিওআইপির কাজে যেসব সিম ব্যবহার হয়, সেগুলোতে যাতে ইচ্ছেমতো রিচার্জ না করা যায়, সে কারণেই সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে।’
বিটিআরসি সূত্রে জানা গেছে, একের অধিক সিম বা মুঠোফোন সংযোগ ব্যবহারে গ্রাহকদের নিরুৎসাহিত করতেই এ সিদ্ধান্তটি কার্যকর হবে। অনেক ব্যবহারকারী অল্প অল্প করে রিচার্জ করে বেশি সিম ব্যবহার করে থাকেন।
বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে চালু থাকা মোট সিমের সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার। এর মধ্যে ৯৮ শতাংশ ব্যবহারকারীই প্রিপেইড সংযোগ ব্যবহার করেন।