এক দিনেই কমেছে মণে ৭০০ টাকা
আমদানির খবরে দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনার সাঁথিয়া ও সুজানগরে পেঁয়াজের দাম এক দিনের ব্যবধানে মণে ৬০০ থেকে ৭০০ টাকা কমেছে। গতকাল মঙ্গলবার উত্তরাঞ্চলের অন্যতম কাঁচামালের আড়ত সাঁথিয়ার করমজা হাটে প্রতি মণ পেঁয়াজ দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। অথচ আগের দিন এই আড়তসহ দুই উপজেলার বিভিন্ন আড়তে প্রতি মণ বিক্রি হয়েছে দুই হাজার ৬০০ থেকে দুই হাজার ৭০০ টাকায়।
স্থানীয় কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সুজানগর দেশের সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা। এবারের মৌসুমে এ উপজেলায় প্রায় সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। সুজানগরের পরেই সাঁথিয়া উপজেলার অবস্থান। সাঁথিয়ায় পেঁয়াজের আবাদ হয়েছিল ১১ হাজার ২৫০ হেক্টর জমিতে। অনুকূল পরিবেশ থাকায় দুই উপজেলায় এবার প্রতি বিঘায় ৪০ থেকে ৫০ মণ পেঁয়াজের উৎপাদন হয়েছে। কৃষি কার্যালয়ের হিসাব অনুযায়ী, দুই উপজেলায় এবারের মৌসুমে প্রায় ৭৭ লাখ মণ (২৮ হাজার টন) পেঁয়াজ উৎপাদিত হয়েছে।
ব্যবসায়ী ও কৃষকেরা জানান, নতুন পেঁয়াজ ওঠার পর প্রান্তিক চাষিরা তাঁদের সব পেঁয়াজ বিক্রি করে দিলেও সচ্ছল অনেক কৃষক বেশি দামের আশায় ঘরে পেঁয়াজ রেখে দিয়েছেন। এ ছাড়া এ এলাকার অনেক ব্যবসায়ীও পেঁয়াজ কিনে মজুত করেছেন। পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় মজুতদারেরা আরও লাভের আশায় পেঁয়াজ আটকে রাখেন। কিন্তু সরকারের ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির খবর সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার হওয়ায় টনক নড়ে তাঁদের। বাইরে থেকে পেঁয়াজ এলে দাম কমে যেতে পারে—এমন আশঙ্কায় গতকাল তাঁদের অনেকেই হাটে পেঁয়াজ তোলেন। ফলে মাত্র এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি মণে ৬০০ থেকে ৭০০ টাকা কমে যায়।
করমজা হাটের পেঁয়াজের আড়ত মাসুদ ট্রেডার্সের মালিক মোজাফফর হোসেন বলেন, ‘২৪ ঘণ্টারও কম সময়ে পেঁয়াজের দাম মণে ৭০০ টাকা কমার এমন রেকর্ড আগে দেখি নাই। আসলে গতকাল টিভিতে পেঁয়াজ আমদানির খবর শুনে আজ যে যেভাবে পারে হাটে পেঁয়াজ এনে তুলেছে। আর এতেই দাম কমে গেছে বলে আমাদের ধারণা।’