
এক দিনেই প্রায় ৫২৭ কোটি টাকার আয়কর আদায় হয়েছে। গতকাল বৃহস্পতিবার সারা দেশের বিভিন্ন শহরে চলমান কর মেলায় এসে বার্ষিক কর বিবরণী বা রিটার্ন জমা দিয়ে করদাতারা এ বিপুল অর্থ কর দিয়েছেন।
গতবার সাত দিনের কর মেলা থেকে ১ হাজার ৬৬০ কোটি টাকা কর পেয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেখানে এবার এক দিনেই এর এক-তৃতীয়াংশ কর পেয়েছে। করদাতারা মেলায় এসে কর দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, গতকাল সাতটি বিভাগীয় শহর, ৪৭টি জেলা শহর ও ২১টি উপজেলায় কর মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় ১৭ হাজার ২১৮ জন করদাতা বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। আর ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিয়েছেন তিন হাজার ২২৮ জন। সব মিলিয়ে কর মেলা থেকে বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৫৭ জন।
দেশের সবচেয়ে বড় কর মেলা হচ্ছে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গতকাল সারা দিনই অফিসার্স ক্লাব প্রাঙ্গণে চলমান কর মেলায় করদাতাদের সমাগম ছিল। সকাল ১০টা থেকেই মেলায় করদাতারা আসা শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে করদাতাদের সংখ্যাও বাড়তে থাকে। কেউবা ই-টিআইএন নিয়েছেন, আবার কেউ রিটার্ন দিতে এসেছেন। এবার মেলায় প্রবীণ করদাতাদের বেশ ভিড় দেখা গেছে। তবে বেইলি রোডের কর মেলায় যেতে যানজটের কারণে বহু করদাতাকে ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে দীর্ঘপথ হেঁটে মেলায় এসেছেন বলে জানিয়েছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, গত দুই দিনে কর মেলা থেকে রাজস্ব আদায় হয়েছে মোট ৬৮০ কোটি টাকা। এর বিপরীতে আয়কর বিবরণী জমা পড়েছে ৩২ হাজার ২১৬টি।