এক দিনেই ৫৩৪ কোটি টাকা কর আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল আয়কর মেলায় বিভিন্ন পেশার লোকজন রিটার্ন দাখিল এবং কর পরিশোধ করতে আসেন l প্রথম আলো
ফেনীতে গতকাল আয়কর মেলায় বিভিন্ন পেশার লোকজন রিটার্ন দাখিল এবং কর পরিশোধ করতে আসেন l প্রথম আলো

সারা দেশের ৫১টি আয়কর মেলায় দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া মিলেছে। কর বিবরণী বা রিটার্ন জমা, ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেওয়া, ই-ফাইলিংসহ বিভিন্ন ধরনের সেবা নিতে গতকাল বুধবার এসব মেলায় ১ লাখ ২৩ হাজারের বেশি করদাতা ও দর্শনার্থী এসেছেন। এক দিনেই প্রায় ৫৩৪ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। আয়কর বিবরণী জমা দিয়েছেন ২০ হাজার ৬৫৭ জন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত মঙ্গলবার থেকে বিভাগীয় শহরের পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলায় এ মেলা শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন এনবিআর ভবনে মূল মেলা চলছে।

গতকাল দুপুরে আগারগাঁওয়ে সরেজমিনে দেখা গেছে, পুরো মেলা প্রাঙ্গণেই করদাতা ও দর্শনার্থীদের ভিড়। সবচেয়ে বেশি ভিড় নতুন ই-টিআইএন নেওয়ার বুথগুলোতে। যাঁরা ই-টিআইএন নিতে এসেছেন, তাঁরা ফরম পূরণ করে জমা দেওয়ার পর আধঘণ্টার মতো অপেক্ষা করলেই সনদ পেয়ে যান।

>সারা দেশের ৫১টি কর মেলায় গতকাল আয়কর বিবরণী জমা দিয়েছেন ২০ হাজার ৬৫৭ জন

গত বছরই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দিয়েছেন উত্তরার আতিকুর রহমান। চলতি অর্থবছর থেকে এনবিআর নতুন নিয়ম করেছে, সব চাকরিজীবীর টিআইএন থাকতে হবে। এ জন্য গতকাল আতিকুর রহমান ই-টিআইএন নিতে এসেছেন। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘অফিস টিআইএন চেয়েছে, তাই নিতে এসেছি। টিআইএন থাকলে বিভিন্ন কাজে সুবিধা হয়।’
মেলার ই-ফাইলিং করার বুথেও ব্যাপক ভিড় দেখা গেছে। এ বছর থেকে ঘরে বসেই ই-ফাইলিং বা অনলাইনে রিটার্ন জমার ব্যবস্থা চালু করেছে এনবিআর। তবে এ জন্য করদাতাকে নিজের ই-টিআইএনের বিপরীতে নিবন্ধন নিয়ে একটি পাসওয়ার্ড নিতে হয়। মেলায় এ নিবন্ধন ও পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। তাই অনেকেই ই-ফাইলিং বুথে ভিড় করেছেন। একটি ফরম পূরণ করে কিছুক্ষণ অপেক্ষা করলেই পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন তাঁরা। এ পাসওয়ার্ড নিয়ে ঘরে বসেই রিটার্ন জমা দিতে পারবেন।
এ ছাড়া কর মেলার প্রবেশের মুখেই চোখে পড়েছে বিশাল শামিয়ানা টাঙিয়ে দিয়ে টেবিল-চেয়ার পাতা হয়েছে। যাঁরা অভিজ্ঞ, তাঁরা এখানে বসেই রিটার্ন ফরম পূরণ করছেন। আর যাঁরা রিটার্ন ফরমে বারবার আটকে যাচ্ছেন, তাঁদের জন্য কর মেলায় রয়েছে বেশ কিছু সহায়তা বুথ। তাঁরা ঢুঁ মারছেন সেসব বুথে। সহায়তা বুথে একজন সহকারী কর কমিশনারের নেতৃত্বে চার-পাঁচজন কর কর্মী আছেন। এসব বুথেও গতকাল বেশ ভিড় ছিল।
মেলায় করদাতারা আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাচ্ছেন। একই ছাদের নিচে ই-টিআইএন, পুনর্নিবন্ধন, রিটার্ন জমা—সব সেবা মিলছে। করদাতার শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে। এ ছাড়া নারী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ আছে। সব মিলিয়ে মোট ১০৯টি বুথ থেকে এসব সেবা দিচ্ছে এনবিআর।
গতকাল বিকেলে মেলা প্রাঙ্গণে ‘ট্যাক্স ক্যালকুলেটর’ অ্যাপসের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপস এনবিআরের এক নতুন সংযোজন। এর সহায়তায় চাকরিজীবী করদাতারা সহজে কর হিসাব করতে পারবেন। অনুষ্ঠানে সাংসদ আবদুল ওয়াদুদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান সভাপতিত্ব করেন।
২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। প্রতিবছরই মেলার পরিধি বেড়েছে। আর করদাতাদের মধ্যে কর মেলা জনপ্রিয় হয়ে উঠছে।