ঈদের আগের দিন রোববার বিকেলে জাহাজের ধাক্কায় চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) চারটি ক্রেনের মধ্যে দুটিই বিকল হয়ে গেছে। এই এক দুর্ঘটনাতেই টার্মিনালটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতা ৫০ শতাংশ কমে গেছে। আর বন্দরের সক্ষমতা কমেছে ১১ শতাংশ।
এমন সময় দুর্ঘটনাটি ঘটেছে, যখন বন্দরের জেটিতে ভেড়ানোর জন্য সাগরে অপেক্ষমাণ জাহাজের লম্বা সারি পড়েছে। কোনো কোনো জাহাজ জেটিতে ভেড়ানোর জন্য এখন ১১ দিন পর্যন্ত সাগরে অপেক্ষা করতে হবে। যে কারণে পোশাক খাতসহ বিভিন্ন শিল্পকারখানার উদ্যোক্তারা দুশ্চিন্তায় পড়েছেন।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান গতকাল বুধবার বলেন, ঈদের আগে থেকেই পণ্য হাতে পেতে পোশাকশিল্প মালিকদের বেশি সময় লাগত। বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকেও অবহিত করতে হয়েছে। এখন নতুন করে দুর্ঘটনার কারণে জট আরও বাড়বে। দ্রুততার সঙ্গে অচল ক্রেন দুটি সচল করা না হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন রপ্তানিমুখী পোশাকশিল্পের মালিকেরা। কারণ পণ্য প্রস্তুত করে রপ্তানির জন্য খুব বেশি সময় পান না তাঁরা।
বন্দর কর্মকর্তারা জানান, কনটেইনারবাহী ‘এমভি এক্সপ্রেস সুয়েজ’ জাহাজ রোববার বেলা ২টা ৫৫ মিনিটে ভেড়ানোর সময় প্রচণ্ড ধাক্কা দেয় জেটিতে। এতে জেটির ওপর রেল ট্র্যাকে থাকা দুটি গ্যান্ট্রি ক্রেন ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি ক্রেন বেঁকে রেল ট্র্যাক থেকে সরে যায়। অন্য ক্রেনটির একাংশ ভেঙে যায়। দুর্ঘটনার কারণে এই জেটি এখন অচল হয়ে গেছে; যা মেরামত করে সচল করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম গতকাল প্রথম আলোকে বলেন, ক্রেন প্রস্তুতকারক মিতসুবিশি থেকে বিশেষজ্ঞদের আসার কথা রয়েছে। এরপরই এটি সচল করার প্রক্রিয়া শুরু হবে। এখন আপাতত এই জেটিতে কনটেইনার ওঠানো-নামানো যাচ্ছে না।
বন্দরের তথ্য অনুযায়ী, বন্দরে জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) মোট ১২টি জেটিতে কনটেইনার জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো হয়ে থাকে। এর মধ্যে যেসব জাহাজে ক্রেন নেই সেগুলো থেকে সিসিটিতে স্বয়ংক্রিয় গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে খুব দ্রুত কনটেইনার ওঠানো-নামানো হয়। অন্য সব জেটিতে ক্রেনযুক্ত জাহাজ থেকে সনাতন পদ্ধতিতে কনটেইনার ওঠানো-নামানো হয়। সিসিটি টার্মিনালের প্রতিটি জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতা অন্য টার্মিনালগুলোর তুলনায় দেড় গুণ বেশি।
বন্দর সূত্র জানায়, দুর্ঘটনার পর সিসিটিতে এখন একটি জেটি সচল রয়েছে। এই জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো করা যায়। কিন্তু ঢাকার পানগাঁওগামী জাহাজে কনটেইনার বোঝাই করার জন্য নির্ধারিত মোবাইল হারবার ক্রেনটি দুই মাস ধরে অচল থাকায় এসব জাহাজে কনটেইনার তুলে দিতে সিসিটির জেটিতে ভেড়ানো হয়। অর্থাৎ সিসিটিতে সচল থাকা একমাত্র জেটিটিও সমুদ্রগামী জাহাজ ভেড়ানোর জন্য সার্বক্ষণিক ব্যবহার করা যাচ্ছে না।
দুই মাস ধরে অচল থাকলেও মোবাইল হারবার ক্রেনটি সচল করতে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের সাবেক পর্ষদ সদস্য হাদী হোসাইন বলেন, নতুন করে যে দুটি ক্রেন অচল হয়ে পড়েছে, সেগুলো দ্রুত মেরামত করতে হবে। কারণ বন্দরের হাতে বিকল্প কোনো অবকাঠামো নেই। নিউমুরিং টার্মিনালের গ্যান্ট্রি ক্রেন যদি সময়মতো কেনা হতো, তাহলে এ রকম সংকটে পড়তে হতো না।
এদিকে ঈদের আগে থেকে শুরু হওয়া কনটেইনার জাহাজের জট দুর্ঘটনার পর আরও বেড়েছে। বন্দরের তথ্য অনুযায়ী ঈদের আগে গড়ে ১৪-১৫টি জাহাজ জেটিতে ভেড়ানোর অপেক্ষায় সাগরে অবস্থান করত। ছুটির পর গতকাল প্রথম কার্যদিবসে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৪টিতে।
আবার বন্দর চত্বরে কনটেইনার রাখার পরিমাণ ধারণক্ষমতাকে ছাড়িয়ে গেছে গতকাল সকালে। বন্দরে কনটেইনার রাখার ধারণক্ষমতা আছে ৩৬ হাজার ৩৫৭টি। গতকাল বন্দরে কনটেইনার পড়ে ছিল প্রায় ৪০ হাজারের কাছাকাছি। এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা।