এক নিমেষেই অর্থ যাচ্ছে ব্যাংকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইএফটিএন পদ্ধতি
ইএফটিএন পদ্ধতি

এক নিমেষেই এখন বেতন-ভাতা চলে যাচ্ছে ব্যাংকে। এ জন্য আলাদা করে একটি প্রতিষ্ঠানের সবাইকে নির্দিষ্ট একটি ব্যাংকে হিসাব খুলতে হয় না। নিজের ব্যাংক হিসাব থেকেই তোলা যাচ্ছে বেতন-ভাতার অর্থ।
এই ব্যবস্থাটির নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক বা ইএফটিএন। ইএফটিএন পেমেন্ট-ব্যবস্থায় এক বড় পরিবর্তন এনেছে। দেশের বড় বড় গ্রুপ বা কোম্পানি এখন কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, বোনাস ইত্যকার আর্থিক সুবিধা পরিশোধে এই স্বয়ংক্রিয় পেমেন্ট বা অর্থ পরিশোধব্যবস্থার আওতায় ঢুকে পড়েছে। সরকারও ৫৭টি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ করছে এই ব্যবস্থায়। এতে সাশ্রয় হচ্ছে বড় অঙ্কের টাকা, সময়, ভোগান্তি ও বিশাল ব্যবস্থাপনা।
এ পদ্ধতিতে কোম্পানি তার সব কর্মকর্তা-কর্মচারীর নাম, অর্থের পরিমাণ, ব্যাংকের নাম, শাখার নাম, ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর (শাখা শনাক্ত করার নম্বর) লিখে কোম্পানির ব্যাংকে মেইল করে দিলে দিনে দিনেই সব ঝামেলা চুকে যাচ্ছে।
ব্যাপারটি এমন যে, ধরা যাক একটি কোম্পানি তার ২০০ কর্মকর্তার বেতন ইএফটিএনের মাধ্যমে দেশের ৫৭টি ব্যাংকে সংরক্ষিত কর্মকর্তাদের পৃথক ব্যাংক হিসাবে পাঠাতে চায়। এ ক্ষেত্রে যদি ঢাকা ব্যাংকে কোম্পানির হিসাব থাকে, তবে কোম্পানি ঢাকা ব্যাংককে একটি নির্দেশনা দেবে, যাতে উল্লেখ থাকবে কর্মকর্তাদের নাম, অর্থের পরিমাণ, ব্যাংক ও হিসাব নম্বর, শাখার নাম, রাউটিং নম্বর। ঢাকা ব্যাংক এই নির্দেশনা অনুসারে একটি বার্তা পাঠাবে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার বা ডেটা সেন্টারে। স্বয়ংক্রিয় ব্যবস্থায় এই ডেটা সেন্টার ৫৭ ব্যাংকে হিসাবধারীর নম্বরে টাকা পাঠিয়ে দেবে।
ইএফটিএন ব্যবস্থাটি একটি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। কেন্দ্রীয় ব্যাংক তাদের প্রযুক্তিনির্ভর প্রকল্পের আওতায় ২০১১ সালের ফেব্রুয়ারিতে এটি চালু করে। আর ২০১২ সালের মার্চ মাসে সরকারের হিসাবগুলো এই সফটওয়্যারের আওতায় আসে। কোনো কোম্পানি তার ব্যাংকে অর্থ স্থানান্তরের তালিকা পাঠানোর পর ওই দিন রাত ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ডেটা সেন্টারে ব্যাংক বার্তা পাঠাতে পারে, যাকে বলা হচ্ছে কাট অব টাইম। এই সময়ের মধ্যে টাকা পাঠালে পরদিন সকাল নয়টায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সুনির্দিষ্ট হিসাবগুলোতে টাকা পৌঁছে যাচ্ছে।
এ ব্যবস্থাটি এখন জনপ্রিয় হচ্ছে। গ্রাহক প্রতিষ্ঠানগুলো বলছে, এটা একটা বড় প্রাপ্তি। প্রতিষ্ঠান ছাড়াও যেকোনো ব্যক্তি একই পদ্ধতিতে টাকা স্থানান্তর করতে পারবেন।
স্কয়ার গ্রুপের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের ব্যবস্থাপক কমল কান্তি সাহা প্রথম আলোকে বলেন, আগে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পরিশোধে বিশাল কর্মযজ্ঞ করতে হতো। বেতন পরিশোধের জন্য সাত দিন আগে ব্যাংকে গিয়ে ডিডি বা পে-অর্ডার বানাতে হতো। সেই ডিডি বা পে-অর্ডার পাঠাতে হতো কুরিয়ারে। এর জন্য একটা খরচ আছে। কিন্তু এখন মাসের ৩০ তারিখে বা ১ তারিখে বেতন পরিশোধে শুধু ব্যাংকে একটা মেইল করলেই দিনের মধ্যেই কোনো কর্মকর্তা তাঁর হিসাবে অর্থ পেয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, আগে এই বেতন-ভাতা পরিশোধে এক বড় ব্যবস্থাপনা দল দরকার ছিল, এখন লাগছে না। উপরন্তু, সাত দিন আগে ডিডি বা পে-অর্ডার করলে সেই টাকা আটকে থাকত ব্যাংকে। এখন টাকা ব্যাংকে আটকেও থাকে না। দ্রুত হিসাবে জমা হচ্ছে। আবার ব্যাংকে টাকা আটকে থাকলে ব্যাংকের লাভ হতে পারে, গ্রাহকের কোনো লাভ হতো না। এখন নিমেষেই গ্রাহকের হিসাবে টাকা পৌঁছে যাওয়ায় তাতে গ্রাহকের হিসাবে সুদও যোগ হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গত ফেব্রুয়ারি মাসে বেসরকারি খাতের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা দিতে ইএফটিএনে অর্থ স্থানান্তর হয়েছে প্রতিদিন গড়ে ৩১৭ কোটি ৬০ লাখ টাকার বেশি।
অন্যদিকে, সরকারের ৫৭টি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও মাসিক বেতন-ভাতা, বোনাস এখন ইএফটিএনের মাধ্যমে পরিশোধ করা হয়। আগে এসব বেতন-ভাতা পরিশোধে লাখ লাখ চেকের পাতা ব্যবহৃত হতো প্রতি মাসে, এখন তা হচ্ছে না। এতে সাশ্রয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থও। সরকারের কর্মকর্তাদের বেতন পরিশোধ, বিভিন্ন কেনাকাটা, উন্নয়ন ব্যয়ের অর্থ পরিশোধে গত ফেব্রুয়ারি মাসে ইএফটিএনের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের হিসাবে প্রায় ৫০ কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর হয়েছে। এর মধ্যে সিংহভাগ অর্থ বেতন পরিশোধের জন্য স্থানান্তর হয়েছে। ফেব্রুয়ারি মাসে ইএফটিএনের মাধ্যমে ৩০ হাজার ব্যক্তির বেতন-ভাতা গেছে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান কয়েক দিন আগে প্রথম আলোকে বলেন, প্রযুক্তি ব্যবহার করে দেশের পেমেন্ট সিস্টেম বা অর্থ পরিশোধব্যবস্থাকে আধুনিকায়ন করা হয়েছে। এতে স্বচ্ছতা এসেছে এবং দ্রুত টাকা প্রাপকের হিসাবে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশের যে কথা বলছি, পেমেন্ট সিস্টেমে সেই ডিজিটালাইজেশন হয়েছে।’
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স, ইউটিলিটি বিল পরিশোধ, তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ পরিশোধ ও আইপিওর রিফান্ড ওয়ারেন্ট পরিশোধ, সরকারি কর পরিশোধসহ বহুবিধ লেনদেন সম্পন্ন করা হচ্ছে এই ইএফটিএনের মাধ্যমে।
শেয়ারের আইপিও বা প্রাথমিক শেয়ারের আবেদনে লটারি হওয়ার পর যাঁরা লটারিতে শেয়ার পাননি, তাঁদের জন্য আগে কোম্পানিকে বিপুল কর্মযজ্ঞ সারতে হতো। প্রত্যেকের জন্য রিফান্ড ওয়ারেন্ট বা একধরনের চেক তৈরি করে ডাকযোগে তা পাঠাতে হতো বা আবেদনকারীকে দিতে হতো। আবেদনকারী সেই রিফান্ড ওয়ারেন্ট নিয়ে গিয়ে নিজ ব্যাংকে জমা দিতেন। তারপর তিন-চার দিন এমনকি আরও বেশি সময় পর তাঁর (আবেদনকারীর) ব্যাংকে এসে টাকা জমা হতো। কিন্তু এখন কোম্পানি নিজ ব্যাংকে একটা তালিকা তৈরি করে দিয়েই কাজটি সারতে পারছে এবং দিনে দিনেই আবেদনকারীর হিসাবে অর্থ পৌঁছে যাচ্ছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশপত্র বিতরণের ক্ষেত্রেও ইএফটিএন ব্যবহার করা হয়। তবে কিছু জটিলতার
কারণে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর রিফান্ড ওয়ারেন্ট বিতরণের ক্ষেত্রে এ সুবিধা এখনো ব্যবহৃত হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে শেয়ারবাজারের লভ্যাংশপত্র ও রিফান্ড ওয়ারেন্ট বিতরণ কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান স্যাটকম আইটির ভাইস চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশপত্র বিতরণের কাজটি পুরোপুরি করা হয় ইএফটিএন সুবিধা ব্যবহার করে। এ সুবিধাটি চালু হওয়ার আগে সনাতন পদ্ধতিতে তা সম্পন্ন করা হতো, যেটি ছিল খুবই সময়সাপেক্ষ ও জটিল প্রক্রিয়া। তবে কারিগরি কিছু সমস্যার কারণে আইপিওর রিফান্ড ওয়ারেন্ট বিতরণের ক্ষেত্রে এ সুবিধা নেওয়া যাচ্ছে না।
ইএফটিএন পদ্ধতি
কেন্দ্রীয় ব্যাংক ২০১১ সালের ফেব্রুয়ারিতে এটি চালু করে।
২০১২ সালের মার্চে সরকারের হিসাবগুলো এই সফটওয়্যারের আওতায় আসে
ফেব্রুয়ারি মাসে বেসরকারি খাতের বেতন-ভাতা দিতে ইএফটিএনে দৈনিক গড়ে অর্থ স্থানান্তর হয়েছে ৩১৮ কোটি টাকা
এই ব্যবস্থায় সাশ্রয় হচ্ছে বড় অঙ্কের টাকা, সময়, ভোগান্তি ও বিশাল ব্যবস্থাপনা
বর্তমানে সরকার ৫৭টি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ করছে এর মাধ্যমে
বড় বড় গ্রুপ বা কোম্পানি এখন কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, বোনাস ও আর্থিক সুবিধা পরিশোধে এটি ব্যবহার করে
“প্রযুক্তি ব্যবহার করে দেশের পেমেন্ট সিস্টেম বা অর্থ পরিশোধব্যবস্থাকে আধুনিকায়ন করা হয়েছে। এতে স্বচ্ছতা এসেছে এবং দ্রুত টাকা প্রাপকের হিসাবে পৌঁছে যাচ্ছে
আতিউর রহমান
গভর্নর, বাংলাদেশ ব্যাংক