এক পোশাক কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁওয়ের হা–মীম স্পোর্টসওয়্যার নামের পোশাক কারখানাটি দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ। শ্রমিকেরা কারখানা খুলে দেওয়া, অন্যথায় চাকরিচ্যুতির ক্ষতিপূরণ দাবি করেছেন। দাবি আদায়ে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিজিএমইএর কার্যালয়ের সামনে অবস্থান নেন শ্রমিকেরা।
এ বিষয়ে মালিকপক্ষের অভিযোগ, বিভিন্ন অজুহাতে ও অন্যায্য দাবি নিয়ে প্রায়ই উৎপাদন বন্ধ করে দেন শ্রমিকেরা। গত মাসে কারখানার দুই কর্মকর্তাকেও মারধর করেন তাঁরা। এ ছাড়া ১২ অক্টোবর আবারও নতুন লোক নিয়োগ, রাত নয়টা পর্যন্ত ওভারটাইম, হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে দেন তাঁরা। পরদিন বৈঠক করে ব্যর্থ হয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়।
জানতে চাইলে কারখানার মালিক ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, শ্রমিকদের এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কলকাঠি নাড়ছেন একজন শ্রমিকনেতা। তিনিই কারখানাটি নিয়ন্ত্রণে রাখতে চান। এ জন্য পুরোনো শ্রমিকদের বিভিন্ন কৌশলে বের করে দিয়ে তাঁর নিজের লোকজনকে কারখানায় চাকরি দিয়েছেন। ওই শ্রমিকনেতার নাম জানতে চাইলে ইসমাইল জানান, আমিরুল হক আমিন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমি তো আর কারখানার ম্যানেজমেন্টের লোক না। আমি কীভাবে আমার সংগঠনের লোকজনকে ওই কারখানায় চাকরি দিবো?’
আমিরুল হক পাল্টা অভিযোগ করে বলেন, কারখানার শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করতে চাইলেও মালিকপক্ষ বিভিন্ন কৌশলে সেটি হতে দিচ্ছে না, শ্রমিক ছাঁটাই করেছে। বর্তমানে এ-সংক্রান্ত একটি মামলাও শ্রম আদালতে বিচারাধীন আছে। তিনি বলেন, মালিকপক্ষ কোনো অবস্থাতেই কারখানায় ইউনিয়ন করতে দিতে চাচ্ছে না। মামলার রায় শ্রমিকদের পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে, সে জন্য তারা অনৈতিকভাবে কারখানা বন্ধ করে দিয়েছে।
অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন ইসমাইল হোসেন। শারমীন গ্রুপের এই কারখানাটিতে ৩১৭ জন শ্রমিক ও কর্মচারী কাজ করেন।