ভুয়া জাহাজীকরণ দলিল দিয়ে জনতা ব্যাংকের দুবাই শাখা থেকে কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়েছিল বাংলাদেশ ব্যাংকের এক অনুসন্ধানে। অনুসন্ধান প্রতিবেদনে ব্যাংকের দুবাই শাখার সিইও শফিকুল ইসলাম ও দুজন কর্মকর্তাকে অভিযুক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছিল। কিন্তু এক বছর পর আবার নতুনভাবে একই ঘটনা যৌথভাবে তদন্ত করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। অথচ আগের প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় একাধিকবার শাস্তিমূলক ব্যবস্থা নিতে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। বরং শফিকুল ইসলামকে নানা কৌশলে ছাড় দেওয়ার জন্য সময় ক্ষেপণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অবস্থায় আবার নতুন করে তদন্ত করার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, জনতা ব্যাংকের দুবাই শাখা ও প্রধান নির্বাহীর কার্যালয় পরিদর্শনে আজ রোববার দুবাই যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি প্রতিনিধিদল। দলটি ৩০ আগস্ট পর্যন্ত সেখানে অবস্থান করবে। ব্যাংক পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক আবুল মনসুর আহমেদ, উপপরিচালক অমিতাভ চত্রবর্তী এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল রশিদের সমন্বয়ে এই যৌথ দল গঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, আগের প্রতিবেদনে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। আর কিছু বিষয় আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন আছে। তাই নতুন করে তদন্তে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি দল দুবাই যাচ্ছে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করায় একপর্যায়ে গত ফেব্রুয়ারি মাসে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে একটি চিঠি দেওয়া হয়। তাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বাস্তবায়ন না করা যে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ, তা-ও স্মরণ করিয়ে দেওয়া হয়। এতে জনতা ব্যাংকের নিজস্ব তদন্তে শফিকুল ইসলামের নাম উল্লেখ না করে তাঁকে সুকৌশলে অব্যাহতি দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। বলা হয়, এ ঘটনার সঙ্গে শফিকুল ইসলামের সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।প্রায় একই সময়ে অর্থ মন্ত্রণালয় অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেওয়া হয়। এর পরে জনতা ব্যাংক এক চিঠিতে জানায়, শফিকুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়া অপর দুই কর্মকর্তা আবদুল মোমেন ও শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তবে তার আগে জনতা ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে শফিকুল ইসলামকে বাঁচানোর চেষ্টা করা হয়। প্রথম আলোতে এ বিষয়ে এর আগে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।জানা গেছে, এই তিনজনকেই কারণ দর্শাও নোটিশ দিলে উত্তরে সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। এর পরে জনতা ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ও অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন করে তদন্ত করার সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, ঋণপত্র জালিয়াতির মাধ্যমে ব্যাংকের প্রায় ১৩ লাখ ডলার লোকসানের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে ধরা পড়েছিল এক বছর আগে।