এক বছরে রবির গ্রাহক বেড়েছে ৪৩ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ২ কোটি ৫৪ লাখ। সংবাদ সম্মেলনে এ ঘোষণাই দেওয়া হচ্ছে। ছবি: রবির সৌজন্য
এখন রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ২ কোটি ৫৪ লাখ। সংবাদ সম্মেলনে এ ঘোষণাই দেওয়া হচ্ছে। ছবি: রবির সৌজন্য

২০১৩ সালে ৪৩ লাখ গ্রাহক বেড়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের। এখন রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ২ কোটি ৫৪ লাখ। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রবির কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অস্থির পরিবেশের কারণে ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় চতুর্থ ও শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব কমেছে ৬ শতাংশ। তার পরও পুরো বছরে রাজস্ব বেড়েছে ১৬ শতাংশ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৩ সালে তারা প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা নতুন বিনিয়োগ করেছে। আগের বছরের তুলনায় এই বিনিয়োগ বেড়েছে ৫৭ শতাংশেরও বেশি। তৃতীয় প্রজন্মের ইন্টারনেট প্রযুক্তি থ্রিজির জন্য এই বিনিয়োগ বৃদ্ধি বলে জানিয়েছে রবি।

রবির চিফ ফিন্যানশিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমেদ এ সময় জানান, ‘গত বছর রবি প্রত্যক্ষ ও পরোক্ষ কর হিসাবে এক হাজার ১১৮ কোটি ৪০ লাখ টাকা সরকারকে দিয়েছে, যা আমাদের মোট রাজস্বের ৪৩ শতাংশ।’ তিনি বলেন, বর্তমানে সিম পরিবর্তন ট্যাক্স নিয়ে এনবিআরের দাবি টেলিকম খাতের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আশা করছি খুব দ্রুত এই বিষয়ের একটি গ্রহণযোগ্য সমাধান হবে।’

রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী সুপুন বীরাসিংহে বলেন, ‘উচ্চ কর বারবারই আমাদের অগ্রযাত্রার পথে অন্তরায়। অতিমাত্রায় উচ্চ কর দিতে না হলে এই টাকা আমরা আবারও বিনিয়োগের মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রয়াসকে আরও ত্বরান্বিত করতে পারতাম।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, চিফ মার্কেট অফিসার প্রদীপ শ্রীবাস্তব ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ।