এক বছরে শিল্পঋণে খেলাপি সাড়ে ৪ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প খাতে বিতরণ হওয়া ঋণ একের পর এক খেলাপি হয়ে পড়েছে। চলতি বছরের মার্চ শেষে শিল্প খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৮১৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২৩ হাজার ২৫৮ কোটি টাকা।

সেই হিসাবে এক বছরের ব্যবধানে শিল্প খাতে খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার ৫৫৭ কোটি টাকা বা ২০ শতাংশ। খেলাপি ঋণের বড় অংশই রাষ্ট্র খাতের বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এ সময়ে শিল্প খাতে সার্বিক ঋণ বিতরণ ও আদায় উভয়ই বেড়েছে। এ হার যথাক্রমে ১৬ শতাংশ ও ২৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল ’১৭ সময়ে বেসরকারি খাতে ঋণের জোগান বেড়েছে ১২ দশমিক ২১ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। আর ২০১৬ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত গত এক বছরে বেসরকারি খাতে ঋণে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২১ শতাংশ। তবে এ সময়ে শিল্প স্থাপন ও সম্প্রসারণের জন্য নেওয়া মেয়াদি ঋণ বিতরণ সামান্য কমেছে।