এক বছরে ৪ হাজার ৮২৭ কোটি টাকার আইপিও ও রাইট শেয়ার অনুমোদন
আইপিও ও রাইট শেয়ার অনুমোদনের মাধ্যমে ২০১০ সালে চার হাজার ৮২৭ কোটি টাকার নতুন শেয়ার অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এর মধ্যে আইপিওর মাধ্যমে দুই হাজার হাজার ৩৪৫ কোটি টাকা এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির রাইট শেয়ার অনুমোদনের মাধ্যমে দুই হাজার ৪৭২ কোটি টাকার শেয়ার অনুমোদন দেওয়া হয়। আজ মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের নিয়মিত বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসইসির নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান এসব তথ্য জানান।তারিকুজ্জামান জানান, বিনিয়োগকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে শেয়ার সরবরাহ বাড়ানোর লক্ষ্যে ২০১০ সালে কয়েকটি বড় প্রতিষ্ঠানের আইপিওসহ বেশ কটি প্রতিষ্ঠানের রাইট শেয়ার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, ২০০৯ সালে নয়টি প্রতিষ্ঠানের আইপিওর মাধ্যমে ৬০৩ কোটি টাকার শেয়ারের অনুমোদন দেওয়া হয়েছিল। চলতি বছর ১১টি প্রতিষ্ঠানের আইপিওর মাধ্যমে দুই হাজার ৩৫৫ কোটি টাকার শেয়ার অনুমোদন দেওয়া হয়।এ ছাড়া ২০০৯ সালে বিভিন্ন প্রতিষ্ঠানের রাইট শেয়ারের মাধ্যমে ১৪৪ কোটি টাকার শেয়ার অনুমোদন দেওয়া হয়। কিন্তু ২০১০ সালে ২৮টি কোম্পানির রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে দুই হাজার ৪৭২ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন দেওয়া হয়।এসইসি সূত্রে জানা যায়, ২০১০ সালে এমজিএল বাংলাদেশ লিমিটেড ৬০৯ কোটি টাকা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ৫৫৫ কোটি টাকা, এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড ৩৩৪ কোটি টাকার আইপিওর অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া অনুমোদন পাওয়া কোম্পানিগুলো হলো মালেক স্পিনিং, আরএকে সিরামিক, এ্যালায়েন্স হোল্ডিং, বিকন ফার্মাসিউটিক্যালস, ইউনাইটেড এয়ারওয়েজ, দেশবন্ধু পলিমার অ্যাকটিভ ফাইন কেমিক্যালস ও বরকতুল্লাহ ইলেক্ট্রো ডাইনামিকস লিমিটেড।এ ছাড়া এ বছর রাইট শেয়ারের অনুমোদন পাওয়া কোম্পানিগুলো হলো প্রাইম ব্যাংক, ম্যাকসন স্পিনিং, সিটি ব্যাংক, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এশিয়া প্যামিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, যমুনা ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার, ফিনিক্স ফিন্যান্স, আল আরাফাহ ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, গোল্ডেন সন, অগ্নি সিস্টেমস, এক্সিম ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, ফু ওয়াং সিরামিকস, উত্তরা ফিন্যান্স, ইস্টার্ন ইন্সু্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও ফু ওয়াং ফুড।